রাজধানীর তিন কলেজে ভর্তি ফলাফলের ভিত্তিতে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) ভর্তির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কার্যকারিতা রাজধানীর তিনটি কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। কলেজ তিনটি হলো নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ।

আজ সোমবার এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এই আদেশের ফলে মেধা তালিকার ভিত্তিতে নয়, ভর্তি পরীক্ষার মাধ্যমে রাজধানীর এই তিনটি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি করাতে পারবে।

একই সঙ্গে এই তিনটি কলেজের ক্ষেত্রে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির নীতিমালা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন রমজান আলী সিকদার ও তানিম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। পরে সমরেন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, মেধা তালিকার ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়ে গত ৭ মে শিক্ষা মন্ত্রণালয় এক নীতিমালা জারি করে। নীতিমালার কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রাজধানীর এই তিনটি কলেজের অধ্যক্ষ হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট তিনটি কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ওই সার্কুলারের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন। এর ফলে নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ নিজেদের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করাতে পারবে।