রাজধানীর থানাগুলোতে এবার জিডির জন্য নির্ধারিত খাতা
এখন থেকে রাজধানীর ৪৯টি থানায় নির্ধারিত খাতায় সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। জিডি নিয়ে ভোগান্তি কমাতে প্রতিটি থানায় আজ সোমবার থেকে জিডির জন্য নির্ধারিত খাতা রাখা হচ্ছে।
আজ বিকেল চারটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে নতুন এই জিডি খাতার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জিডি নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে যে থানায় কাগজ-কলম পাওয়া যায় না। জিডি করতে গেলে পুলিশ টাকা নেয়। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এভাবে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে তিনি কলাবাগান, উত্তরা (পশ্চিম) এবং নিউমার্কেট থানার জিডির খাতা সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, আজ থেকে প্রতিটি থানায় জিডি খাতা পাওয়া যাবে। প্রতিটি খাতায় ২০০ পৃষ্ঠা রয়েছে। তিনি বলেন, এ উদ্যোগের ফলে পুলিশ আগের চেয়ে আরও স্বচ্ছভাবে কাজ করতে পারবে। এর মাধ্যমে জনগণের জন্য পুলিশের অঙ্গীকার যথাযথভাবে পালন করা সম্ভব হবে।
ডিএমপি কার্যালয় জানিয়েছে, আজ সোমবার ৪৯টি থানার মধ্যে জিডি বেশি হয়, এমন থানাগুলোতে ৪০টি করে খাতা পাঠানো হয়েছে। বাকিগুলোতে ৩৫টি করে খাতা পাঠানো হয়েছে। পরে থানাগুলো খাতা শেষ হলে নতুন করে প্রয়োজন অনুযায়ী ছাপিয়ে নেবে। নির্ধারিত খাতায় জিডির জন্য আবেদনকারীর নাম, ঠিকানাসহ সাধারণ কিছু বিষয় লেখার ঘর থাকবে। তবে এর বাইরে আগের মতো সাদা কাগজে জিডি লেখা যাবে। যে কেউ নিজে জিডি লিখে নিয়ে থানায় আসতে পারবেন। অথবা থানায় এসে পুলিশের সহায়তায় জিডি লিখতে পারবেন।