রাজধানীর থানায় জীবাণুনাশক স্প্রে করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রাজধানীর সব থানায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির স্বেচ্ছাসেবকেরা রাজধানীসহ সারা দেশের হাসপাতাল, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়, বিভিন্ন মিডিয়া হাউস ও হাটবাজারে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
গত মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) রাজধানীর রমনা, পল্টন, হাতিরঝিল, ওয়ারী, বংশাল, তেজগাঁও, লালবাগ, চকবাজার, গেন্ডারিয়া, শ্যামপুর, নিউমার্কেট, হাজারীবাগ থানাসহ ১২টি থানায় করোনাভাইরাসের জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল, মুগদা, শাজাহানপুর ও ডেমরা থানায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীর সব কটি থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে জীবাণুনাশক স্প্রে করার পরিকল্পনা রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির। পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার সোসাইটির স্বেচ্ছাসেবকেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে। বৃহস্পতিবার দিবাগত রাতে স্বেচ্ছাসেবকদের পৃথক টিম রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করবে।

এদিকে গত বুধবার বিকেলে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহীত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের হালানাগাদ অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপন্থা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন–সম্পর্কিত সমন্বয় সভা সোসাইটির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য অধ্যাপক সাংসদ চিকিৎসক মো. হাবিবে মিল্লাত। এ সময় সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, উপমহাসচিব মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পরিচালকেরা উপস্থিত ছিলেন। সোসাইটির কোষাধ্যক্ষ লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ম্যানেজিং বোর্ড মেম্বার আইনজীবী শিহাব উদ্দিন শাহিন, রাজিয়া সুলতানা লুনা, কংজরী চৌধুরী ও সোসাইটির অন্যান্য কর্মকর্তারা অনলাইনে সমন্বয় সভায় সংযুক্ত হন।

অন্যদিকে সারা দেশে জনসচেতনতা বৃদ্ধিতে জনগণের মধ্যে পারস্পরিক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে বেসিন স্থাপন করাসহ হাসপাতাল, হাটবাজার, মসজিদ, মন্দির, গির্জাসহ জনসমাগমস্থলকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বিজ্ঞপ্তি