রাজধানীর দুটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভ মিছিল বের করে গতকাল মঙ্গলবার রাজধানীর দুটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসলামী ছাত্রশিবির। সকাল সাড়ে নয়টায় ঢাকা কলেজের সামনে ও পৌনে ১০টার দিকে মহাখালীর কলেরা হাসপাতালের সামনে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিবিরের তিন কর্মীকে আটক করে।ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে ‘টানা ৫২ দিন রিমান্ডে নিয়ে নির্যাতনের পর আবার ১৭ দিনের রিমান্ড আবেদনের প্রতিবাদে’ গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় শিবির।প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাখালীতে কয়েক শ শিবির কর্মী মিছিল বের করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে দুজনকে আটক করে পুলিশ। ঢাকা কলেজের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে শিবিরের তিন কর্মীকে আটক করে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে শিবির কর্মীরা তাঁদের কেড়ে নেন বলে একজন প্রত্যক্ষদর্শী জানান। এ ছাড়া বিকেল চারটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রশিবির মিছিল বের করলে পুলিশ একজনকে আটক করে।গতকাল এক বিবৃতিতে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জাব্বার সংগঠনের সভাপতি দেলাওয়ার হোসেনের ‘গুরুতর অসুস্থতা’ থেকে মুক্তি কামনায় আজ বুধবার দেশব্যাপী দোয়া দিবসের ঘোষণা দেন। এদিকে শিবিরের সভাপতিকে রিমান্ডের নামে নির্মম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন সমমনা ১১টি ছাত্রসংগঠনের সভাপতি। সংগঠনগুলো হচ্ছে ইসলামী ছাত্রসমাজ, জাতীয় ছাত্রসমাজ, জাগপা ছাত্রলীগ, ইসলামী ছাত্র খেলাফত, খেলাফত ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্রদল, লেবার পার্টি ছাত্রফোরাম, বাংলাদেশ ছাত্রকল্যাণ পার্টি, মুসলিম ছাত্রলীগ, জাতীয় ছাত্র পার্টি, ছাত্র জমিয়ত।