রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা পরিবেশবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বর্তমানে ৭৮ শতাংশ ভূগর্ভস্থ পানি ও ২২ শতাংশ ভূ-উপরিস্থ পানি সরবরাহ করা হচ্ছে, যা পরিবেশবান্ধব নয়। পরিবেশবান্ধব করতে হলে পানির উৎস হতে হবে বর্তমান পদ্ধতির বিপরীত। ঢাকা ওয়াসার মহাপরিকল্পনা অনুযায়ী ৭০ শতাংশ উপরিভাগের পানি ও ৩০ শতাংশ ভূগর্ভস্থ পানি সরবরাহ করা জরুরি।
গতকাল রোববার ‘ঢাকা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করতে নাগরিক প্রস্তাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল সকালে এই সভার আয়োজন করে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। সভা আয়োজনে সহায়তা করে মানুষের জন্য ফাউন্ডেশন।
সভায় প্রধান অতিথি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ঢাকা শহরের পানির পাম্পগুলোকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হবে। নগরবাসীর পানির সমস্যা নিরসনের জন্য নিরবচ্ছিন্নভাবে চালানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করা হবে। তিনি বলেন, এমন এক সময় আসবে, যখন কোনো লোক ছাড়াই শুধু রিমোট কন্ট্রোল দ্বারা পাম্পগুলো চালানো যাবে। ঢাকা শহরের পানির সমস্যা নিরসনে মেগা প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানান তিনি।
সভায় রাজধানীর পানির সমস্যা সমাধানে ঢাকা ওয়াসার তিনটি মেগা প্রকল্পের কাজ চলছে বলে জানানো হয়। ভূপৃষ্ঠের পানি বিশুদ্ধ করতে পদ্মার পানি শোধনাগার প্ল্যান্টের কাজ চলছে। এটি চালু হলে ঢাকা ওয়াসায় প্রতিদিন ৫০ কোটি লিটার পানি যোগ হবে। ৪৫ কোটি লিটার ক্ষমতাসম্পন্ন গন্ধবপুর পানি শোধনাগার প্ল্যান্ট ও সায়েদাবাদ পানি শোধনাগারের তৃতীয় প্রকল্পের কাজও চলছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য এম ফিরোজ আহমেদ, ডেইলি স্টার-এর নগর সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়।