রাজধানীর পূর্বাঞ্চলের বড় অংশে চুলা জ্বলেনি দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়াল সড়ক এলাকায় গ্যাসের পুরোনো ও নতুন পাইপলাইনের আন্তসংযোগ করার কারণে টিকাটুলি, গোপীবাগ, মতিঝিলের কিছু অংশসহ পূর্বাঞ্চলীয় অনেক এলাকায় গত দুই দিন গ্যাস ছিল না। গ্যাসের অভাবে এসব এলাকায় চুলা জ্বলেনি বলে দুর্ভোগে ছিল কয়েক হাজার পরিবার। অনেক এলাকায় গত সন্ধ্যায় গ্যাস এলেও চাপ ছিল খুব কম।গ্যাস না থাকায় গত দুই দিন অনেকে হোটেল থেকে খাবার সংগ্রহ করছেন। কেউ কেউ কেরোসিনের চুলায় রান্নার কাজ করেছেন। রাজধানীর অন্যত্র আত্মীয়স্বজনের বাসায় অতিথি হয়ে গেছে কোনো কোনো পরিবার। একই কাজের জন্য আজ শনিবার আরও নতুন কিছু এলাকায় গ্যাস থাকবে না। এমন অবস্থা ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানিয়েছে।গতকাল শুক্রবার টিকাটুলির রাজধানী মার্কেটের পূর্ব দিকে র‌্যাব-৩ কার্যালয় থেকে সায়েদাবাদের পার্শ্ববর্তী জনপদ এলাকা পর্যন্ত নতুন-পুরোনো পাইপলাইনের আন্তসংযোগ করা হয়। এর জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। গ্যাস নেটওয়ার্কে অন্তত ১২টি ভাল্ভ বন্ধ করে দিতে হয়। র‌্যাব-৩ কার্যালয়ের সামনে এবং জনপদ মোড়ে বড় গর্ত খোঁড়া ছাড়াও মাঝের স্থানে আরও কিছু গর্ত খোঁড়া হয়। এ কারণে যানবাহন ও পথচারী চলাচলেও সৃষ্টি হয় বাড়তি দুর্ভোগ।গুলিস্তান-যাত্রাবাড়ী উড়াল সড়ক এলাকা থেকে গ্যাসের পাইপলাইন সরানোর জন্য নতুন করে দুই কিলোমিটারেরও বেশি ১৬ ইঞ্চি এবং প্রায় পৌনে তিন কিলোমিটারে আট ইঞ্চি পাইপ বসানো হয়। এগুলোর সঙ্গেই পুরোনো পাইপের আন্তসংযোগ চলছে। দুর্ভোগ এ কারণেই।জেনে, না জেনে দুর্ভোগ: গ্যাস থাকবে না জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে—তিতাসের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। পত্রপত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। বিভিন্ন এলাকায় বাড়িঘরের যেসব বাসিন্দা খবরটি জানতে পেরেছে, তাদের দুর্ভোগ কম হলেও, সময়মতো খবর না জানায় দুর্ভোগে পড়ে অনেক পরিবার। টিকাটুলি অভয় দাস লেনের ১৩ নম্বর বাড়ির গৃহিণী আফরোজা বানুর মতো অনেক এলাকার মানুষই জানত না যে গ্যাস থাকবে না। আফরোজা বানু বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ভাত রান্না করতে গিয়ে দেখেন চুলা জ্বলছে না। মতিঝিলের একটি হোটেল থেকে খাবার আনিয়ে সন্তানদের খেতে দিয়েছেন। পরে টেলিভিশনের খবরে জানতে পারেন যে কিছু এলাকায় গ্যাস নেই।স্বাভাবিক সময়ে গ্যাসের সমস্যার কারণে গভীর রাতে রান্না করতে হতো। কিন্তু গত দুই দিন তা-ও সম্ভব হয়নি—এমন মন্তব্য করে স্বামীবাগের মাহফুজা বেগম জানান, বাধ্য হয়ে তিনি কেরোসিনের চুলা কিনে এনেছেন।এদিকে আশপাশের এলাকায় গ্যাস না থাকায় গত দুই দিন মতিঝিলের খাবারের হোটেলগুলোয় গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় ছিল। ঘরোয়া ও হীরাঝিলের পক্ষ থেকে জানানো হয়, সারা রাত খোলা থাকলেও ক্রেতার অভাব হতো না। এমন অবস্থা হয়েছে যে বিক্রি করে সারা যাচ্ছে না।যে দুটি স্থানে আন্তসংযোগ দেওয়া হয়, সেগুলোর কাজ শেষ হয় গতকাল বেলা সাড়ে ১১টায়। কিন্তু চুলা জ্বলে বেলা তিনটা-সাড়ে তিনটার দিকে। তবে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার বাসিন্দা আল মামুন জানান, গতকাল সন্ধ্যায় তাঁদের এলাকায় গ্যাস এলেও চাপ খুবই কম।তিতাসের গ্যাসলাইন স্থানান্তরকাজের প্রকল্প পরিচালক আমিনুল হক প্রথম আলোকে বলেন, আন্তসংযোগের কাজে পুরো নেটওয়ার্ক বন্ধ করা হয়েছিল। পাইপলাইনের ওয়েল্ডিং ও শিফটিং কাজ শেষ করে তবে সবগুলো ভাল্ভ খুলে দিতে গ্যাসের সংযোগ পুরোপুরি চালু করতে সময় লাগে।কিছু এলাকায় আজ গ্যাস থাকবে না: সায়েদাবাদ জনপদ মোড় থেকে যাত্রাবাড়ী বিবির বাগিচা পর্যন্ত গ্যাসপাইপের আন্তসংযোগ করা হবে। এ ছাড়া, কাজ হবে যাত্রাবাড়ী থেকে দোলাইরপাড় পর্যন্ত। এ জন্য আজ সায়েদাবাদ, যাত্রাবাড়ী, বিবির বাগিচাসহ আশপাশের পুরো এলাকায় গ্যাস থাকবে না বলে তিতাস গ্যাস সূত্র জানিয়েছে।এ ছাড়া, আগামী ৩ সেপ্টেম্বর ফুলবাড়িয়া সুন্দরবন জুতার মার্কেটের সামনের ক্রসিংয়ে আন্তসংযোগের কাজ হবে। সে জন্য আশপাশের পুরো এলাকায় গ্যাস থাকবে না পরদিন বিকেল পর্যন্ত।