রাজধানীর বনানীতে বাসায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর একটি বাসায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। গ্যাস লাইন থেকে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বরে ছয়তলা বাসার চারতলায় আগুন লাগে। ভোর পৌনে পাঁচটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনের বাসিন্দা ও এলাকাবাসীর ভাষ্য, রাস্তায় ওয়াসার পাইপ বসানোর কাজ চলছিল। তাঁদের ধারণা, সেখানে গ্যাসের লাইন ফুটো হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, অগ্নিকাণ্ডে কেউ মারা গেছে বলে তাঁরা খবর পাননি। ভবনের সব বাসিন্দাকেই উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বাড়ির একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস লাইন থেকে আগুন লেগেছে কি না, এ ব্যাপারে তদন্ত চরছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ বলছে, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।