হরেক রকমের দেশি মৌসুমি ফলে ভরা এখন রাজধানীর বাজার। তবে পাইকারি ও খুচরা দামে বিস্তর ফারাক। গুণ, মান ও পুষ্টিতে দেশি ফলের জুড়ি নেই। এখন বাজারে রয়েছে নানা জাতের আম, লিচু, আনারস, কাঁঠাল, জামরুল, কালো জাম ও কচি তাল। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর ও নওগাঁসহ বিভিন্ন জেলা থেকে ল্যাংড়া, হিমসাগর ও গুটি আম আসা শুরু হয়েছে। ক্রেতাদের মন কেড়েছে রাজশাহীর লিচু। রাঙামাটি, সিলেট, শ্রীমঙ্গল ও চট্টগ্রাম থেকে আসছে জলডুগি আনারস। জামরুল ও কালো জাম আসছে গাজীপুর ও আশপাশের এলাকা থেকে। বাজারে কাঁঠালও উঠতে শুরু করেছে। তবে তা পরিমাণে কম। কাঁঠালের পর্যাপ্ত আমদানি হবে আরও সপ্তাহখানেক পর। পুরান ঢাকার বাদামতলীর লিচু ব্যবসায়ী শুকর আলী জানান, এক খাঁচিতে লিচু থাকে এক থেকে তিন হাজার পর্যন্ত। মানভেদে প্রতি শ লিচু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৩০ টাকা পর্যন্ত। মৌসুমের শুরুতে দাম কিছুটা কম ছিল। এই লিচু পল্টন এলাকায় খুচরা প্রতি শ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৪০ টাকায়। বাবুবাজারের আড়তদার সাইদুল আলম জানান, তাঁদের বাজারে এখন হিমসাগর ও ল্যাংড়া আম প্রচুর পরিমাণে আসছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে তাঁরা বাগান থেকে এসব আম কেনেন। গাছ থেকে পাড়ার পর তা ওজন করে ঢাকায় পাঠানো হয়। মোকাম থেকে প্রতি কেজি ল্যাংড়া ও হিমসাগর আম ৩০ থেকে ৩৫ টাকায় কেনা হয়েছে। পাইকারি বাজারে এসব আম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। খুচরা প্রতি কেজি এই আম ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ওয়াইজঘাট এলাকার আনারস ব্যবসায়ী আবুল কালাম জানান, বাজারে এখন প্রচুর জলডুগি আনারস উঠেছে। রাঙামাটি থেকে এসব আনারস এসেছে। মোকাম থেকে প্রতিটি আনারস কেনা হয়েছে তিন থেকে ১৫ টাকায়। এখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রতিটি আট থেকে ২০ টাকায়। খুচরা বাজারে প্রতিটির দাম ২০ থেকে ৩০ টাকা। পুরানা পল্টন এলাকার ফল বিক্রেতা নূর হোসেন জানান, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে আসছে কালো জাম ও জামরুল। প্রতি কেজি জাম ও জামরুল ৬০ থেকে ৮০ টাকায় কিনে, তা বিক্রি করছেন বাজারে ৮০ থেকে এক শ টাকায়। কারওয়ান বাজারের আম ব্যবসায়ী আবদুল মতিন জানান, সাতক্ষীরা ও দিনাজপুর থেকে আসছে গুটি আম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। এই বাজারের আম ব্যবসায়ী ইউনুছ আলী জানালেন, তাঁরা সরাসরি রাজশাহী থেকে ল্যাংড়া ও হিমসাগর আম এনেছেন। তাঁরা প্রতি কেজি হিমসাগর ৪০ এবং ল্যাংড়া ৩৬ টাকায় বিক্রি করছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাগরময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, দেশি ফল থেকে আমরা সব ধরনের ভিটামিন ও মিনারেল পেয়ে থাকি। সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন সি। এ কারণে প্রতিদিন আমাদের খাদ্যতালিকায় এসব মৌসুমি ফল থাকা চাই।