
ঢাকা শহরের মধ্যেই ইউনিয়ন পরিষদ! বিস্ময় বোধ হতেই পারে। নাসিরাবাদ ইউনিয়নটি খিলগাঁও থানার মধ্যে। তবে বিচ্ছিন্ন দ্বীপের মতো।
এই ইউনিয়নে ১২টি গ্রাম। ত্রিমোহনী, নাসিরাবাদ, দাশেরকান্দি, গজারিয়া, কায়েতপারা, বাবুর জায়গা, বালুরপার, উত্তর দুর্গাপুর, নাগদার পাড়া, ইদারকান্দি, শেখের জায়গা ও ভাইগদিয়া। এর উত্তরে বাড্ডা, দক্ষিণে মতিঝিল, সবুজবাগ ও ডেমরা, পূর্বে রূপগঞ্জ উপজেলা এবং পশ্চিমে রামপুরা। নাসিরাবাদের আয়তন ৮.৬২ বর্গমাইল। লোকসংখ্যা প্রায় ৪০ হাজার। চারপাশে পানি।
বাসিন্দাদের বাড়ির সামনে নৌকা বাঁধা। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে এটাই তাঁদের যাতায়াতের প্রধান মাধ্যম। আর আছে বাঁশের সাঁকো। বেশির ভাগ লোকের জীবিকা কৃষি ও গবাদিপশু পালন। এলাকায় পর্যাপ্ত রাস্তা নেই, ব্রিজ-কালভার্ট নেই। নেই কোনো পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনাও। অনেক জায়গায় এখনো গ্যাস-বিদ্যুৎ পৌঁছেনি। নোংরা পানিতে পুরো এলাকা সয়লাব। বেশির ভাগ বাড়িতেই স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। কিন্তু ঢাকা শহরের একটি বড় অংশের বর্জ্য এখানকার তিনটি খাল হয়েই বালু নদে গিয়ে মেশে। অনেকটা অমানবিক জীবনই যাপন করছেন এখানকার বাসিন্দারা। বেশির ভাগ জায়গায় কোনো সংবাদপত্র আসে না। যেন প্রদীপের ঠিক নিচেই অন্ধকার।
বাবুর জায়গা গ্রামের ইশতিয়াক আহমেদ বলেন, বর্ষায় রাস্তা আর খাল একাকার হয়ে যায়। এ ছাড়া সাতটি গ্রামে সারা বছর নৌকা ছাড়া যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। সন্ধ্যার পর যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়। রূপগঞ্জ থেকে বালুরপার বাজার হয়ে আফতাবনগর পর্যন্ত সংযোগ সেতু প্রকল্পের কাজ ১২ বছর আগে শুরু হলেও তার কোনো অগ্রগতি হয়নি। যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় ব্যবসা-বাণিজ্য জমে ওঠেনি এখনো। অনেকেই কম দামে জমি বিক্রি করে দিয়েছেন।
নাসিরাবাদের অধিকাংশ গ্রাম থেকে সড়কপথে সরাসরি ঢাকা শহরে আসা যায় না। প্রতিটি গ্রামে একটি করে ঘাট আছে। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় আসতে হয় রামপুরা বাড্ডায় বা বিভিন্ন এলাকায়। ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকম, ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত। নৌকাগুলো বিভিন্ন গ্রামের ঘাটে থেমে থেমে এগোয়। গ্রামগুলোর অবস্থান অনুসারে সময় লাগে আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত। মূল শহরে পৌঁছতেই যাতায়াতে প্রায় ১০০ টাকার মতো খরচ হয়ে যায়।
এলাকার ভেতরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান নেই। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় মাধ্যমিকের পরে অনেকেই লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। ত্রিমোহনী গ্রামের টিপু সুলতান শান্তিনগরের হাবীবুল্লাহ্ বাহার কলেজে হিসাববিজ্ঞান বিভাগে সম্মান দ্বিতীয় বর্ষে পড়েন। তিনি বলেন, ‘বাড়ি থেকে শান্তিনগর যাতায়াতে প্রতিদিন ২০০ টাকা খরচ হয়। তাই সপ্তাহে দু-এক দিনের বেশি কলেজে যাওয়া হয় না।’ কয়েক বছর আগে নাসিরাবাদ উচ্চবিদ্যালয় থেকে পাস করা টিপু সুলতান বলেন, ‘ত্রিমোহনী গ্রাম থেকে আমরা একসঙ্গে ১৭ জন কলেজে ভর্তি হয়েছিলাম। যাতায়াতের অসুবিধায় ১৫ জনই কলেজ ছেড়ে দিয়েছে।’
এলাকায় নাগরিক সুবিধা বলতে তেমন কিছু নেই। ক্ষোভের সঙ্গে দাশেরকান্দি গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের এই এলাকার সাংসদ এলাকায় আসেন না বললেই চলে। জনগণের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। কোনো খবরই নেন না।’
নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখানে কোনো কলেজ নাই, স্বাস্থ্য কেন্দ্র নাই, স্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ও নাই। ভাড়া করা বাসায় চলছে এর কার্যক্রম। আমরা বিভিন্ন সমস্যা সমাধানে কয়েকটি প্রকল্পের প্রস্তাব দিয়েছি। অজানা কারণে তা আর বাস্তবায়িত হয়নি। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা পেলে উন্নয়নমূলক কাজ করা সহজ হতো।’
নাসিরাবাদ এলাকাটি জাতীয় সংসদের ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত। এখানকার সাংসদ সাবের হোসেন চৌধুরী। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, এলাকায় কাজ হচ্ছে কি না। আর দুই, এলাকাবাসীর চাহিদা অনুযায়ী কাজ হচ্ছে কি না। নাসিরাবাদ ইউনিয়নটি নির্বাচনী এলাকা হিসেবে বড়। কিন্তু জনসংখ্যা তুলনামূলক কম। তারপরও এখন রাস্তার অবস্থা গত পাঁচ বছরের চেয়ে অনেক ভালো। এলাকার মূল সড়ক সম্প্রসারণ করা হচ্ছে, স্থানীয় সরকারের মাধ্যমে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী এলাকার সঙ্গে সংযোগ সড়কের কাজ চলছে। আগে পরিকল্পনা না থাকলেও মেরাদিয়া থেকে ডেমরা পর্যন্ত ৮০ ফুট রাস্তা করা হয়েছে।’