রাজধানীর বিনোদনকেন্দ্রে উপচানো ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার বিকেলের কথা। ভিড় ঠেলে লালবাগ কেল্লার প্রবেশ টিকিট কেটেছেন বেগমবাজারের এনায়েত করিম। টিকিট হাতে পেয়ে তাঁর মুখে যে আনন্দের হাসি ফুটেছিল তা অবশ্য ম্লান হয়ে এসেছিল ভেতরে প্রবেশের জন্য লাইন দেখে। মূল ফটক থেকে সে লাইন শেষ হয়েছে অনেক দূরে। তবে একেবারে হতাশ হননি তিনি। লাইনে দাঁড়িয়ে বললেন, ‘ঈদে পোলা গো লইয়া বাইর হইবার পারছি, এটাই বহুত ছান্তির।’বুধবার থেকে শুক্রবার, ঈদের সময় যেমন হয়, মহানগরের রাজপথ প্রায় ফাঁকা। কিন্তু মহানগর ও তার উপকণ্ঠের বিনোদনকেন্দ্র ও বেড়ানোর জায়গাগুলোতে মানুষ আর মানুষ। রাজধানীর সব পথ যেন মিশেছিল বিনোদনকেন্দ্রগুলোতে। সকাল-বিকেল-সন্ধ্যা সব সময় ভিড় ছিল এসব জায়গায়। ঈদুল আজহার আনন্দ একটু অন্য রকম। নামাজ শেষে পশু কোরবানি করা, তার মাংস তৈরি করা, গরিব ও আত্মীয়স্বজনের মধ্যে মাংস বিতরণের মধ্য দিয়েই বড়দের ঈদের দিনের অধিকাংশ সময় কেটে যায়। তবে ব্যতিক্রম দুরন্ত শিশু-কিশোরেরা। বিকেল হতে না হতেই তারা দলবেঁধে বেরিয়ে পড়ে ভ্রমণে। তাদের আনন্দের ধরনই আলাদা। এক রিকশায় অনেকে মিলে চড়ে ফাঁকা রাজপথে ঘুরে বেড়ানো, দলবেঁধে চিড়িয়াখানা বা শিশুপার্কে যাওয়া, কোমল পানীয়ে গলা ভিজিয়ে নেওয়া। ফাঁকা রাজপথে জোরে গান বাজিয়ে গাড়ি চালিয়েও আনন্দ করেছে তরুণ প্রজন্ম। ঈদের দিন সকাল থেকেই চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, রমনা উদ্যান, শিশুপার্কে আসতে থাকে অগণন মানুষ। বেসরকারি পর্যায়ে নির্মিত বিনোদনকেন্দ্র নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম, স্পোর্টস জোন, শিশুমেলা, ওয়ান্ডারল্যান্ডেও ভিড় ছিল প্রচুর। ঈদের পরদিন বৃহস্পতিবার বিকেলে লালবাগ কেল্লায় গিয়ে দেখা গেল ভেতরে লোকে লোকারণ্য। বাইরে দীর্ঘ লাইন। লালবাগ কেল্লা জাদুঘরের কাস্টডিয়ান নাসিমা শাহিনকে দেখা গেল প্রধান প্রবেশপথে বসে আছেন। জানালেন, ঈদের পরদিন দর্শনার্থীদের ভিড় বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাই তাঁরা সবাই বিশেষ দায়িত্ব পালন করছেন। শিশুপার্কে দেখা গেল সব রাইডেই ভিড়। নাগরদোলা আর ট্রেনে ভিড় ছিল অপেক্ষাকৃত বেশি। শিশুদের সঙ্গ দিতে এসে অভিভাবকেরাও আনন্দে ভাসছেন। পাঁচ বছরের ইউশার ইচ্ছে গাড়ি চালানো। তার মা রাজি নন সামনে লাইনের কলেবর দেখে।দুই ছেলেকে নিয়ে বেড়াতে আসা শামসুদ্দোহা বললেন, ‘আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার চেয়ে শিশুপার্কে আসতেই ওদের আগ্রহ বেশি। তাই এখানে নিয়ে এসেছি।’ শিশুপার্কের দায়িত্বে নিয়োজিত সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানালেন, ঈদে বছরের অন্যান্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দর্শনাথী আসে। তিনি জানালেন, ঈদের দিন থেকে শুরু করে গতকাল শুক্রবার পর্যন্ত পার্ক খোলা ছিল। পুরান ঢাকায় বলধা গার্ডেন, আহসান মঞ্জিলসহ বেড়ানোর জায়গাগুলোতে সপরিবারে এসেছিলেন অনেকে। তবে ঈদের পরদিন বিকেলে আহসান মঞ্জিল বন্ধ পেয়ে অনেক দর্শনার্থীকে নিরাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। নারিন্দা থেকে হাসান ও হোসেন নামের দুই সহোদর এসেছিলেন আহসান মঞ্জিল দেখতে। শুনেছেন সেখানে নতুন করে গ্যালারি করা হয়েছে। কিন্তু বন্ধ দেখে তাঁরা হতাশ। হাসান জানালেন, বিশেষ দিনগুলোতে এ ধরনের প্রতিষ্ঠান খোলা রাখাটা জরুরি। আহসান মঞ্জিলের দায়িত্বে থাকা মো. আলমগীর জানান, নিয়ম অনুযায়ী তাঁরা তিন দিন বন্ধ রেখেছিলেন। তবে ঈদের দিন বিকেলে বিশেষ ব্যবস্থায় খোলা ছিল। গতকাল শুক্রবার থেকে যথা নিয়মে আহসান মঞ্জিল খুলে দেওয়া হয়েছে। বিকেলে পুরান ঢাকার বিভিন্ন রাস্তায় তরুণদের দলবেঁধে গান-বাজনা নিয়ে মেতে থাকতে দেখা যায়। পুরান ঢাকার চকবারাজার, সুরিটোলা, আরমানিটোলা, ইংলিশ রোড, ধোলাইখালসহ বেশ কিছু এলাকায় স্থানীয়ভাবে ঈদে মেলার আয়োজন করা হয়েছে। এসব মেলায় চটপটি, ফুচকা, কোমল পানীয়ের পাশাপাশি নাগরদোলা, পুতুলনাচ আর সার্কাসের দলকেও দেখা গেছে আনন্দ বিলাতে। এর মধ্যে সবচেয়ে বড় এবং আর্কষণীয় ছিল চকবাজারের মেলা। বৃহস্পতিবার বিকেলে মেলায় গিয়ে দেখা গেল বিপুল লোকসমাগম। জমজমাট পরিবেশ। দলবেঁধে আশপাশের এলাকা থেকে আসছে শিশু-কিশোরেরা। নাগরদোলা থেকে নেমে আনন্দে ডগমগ আজিমপুর কলোনি থেকে আসা সুহান বলছিল, ‘কত মজা পাইলাম!’ আজ শনিবার ও সাপ্তাহিক ছুটির দিনে থাকবে ঈদের আনন্দের আমেজ।ছয়টি নতুন ছবি দেখতে সিনেমা হলে ভিড়এবার ঈদে ঢাকার সিমেনা হলগুলোতেও ছিল দর্শকদের যথেষ্ট ভিড়। ঈদে ছয়টি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো নজরুল ইসলাম খান পরিচালিত হায় প্রেম হায় ভালোবাসা, সাফি ইকবাল পরিচালিত প্রেম মানে না বাধা, সোহানুর রহমান পরিচালিত পরান যায় জ্বলিয়া রে, স্বপন চৌধুরী পরিচালিত বস্তির ছেলে কোটিপতি, এফ আই মানিক পরিচালিত এক জবান এবং নুরুল আলমের ডুব সাঁতার। এর মধ্যে ডুব সাঁতার চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল চ্যানেল আইয়ের পর্দায়। গতকাল শুক্রবার অভিসার, মধুমিতা, জোনাকী, রাজমণি, বলাকা, নেপচুন ইত্যাদি প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। মধুমিতা হলের একজন কর্মী বললেন, বহুদিন পর আবার ‘হাউসফুল’ লেখাটা ঝুলানো হয়েছে। আজকাল তো লোকে সিনেমা হলে আসেই কম। এবার ঈদে তার ব্যতিক্রম।