বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে বিদ্যুৎ না থাকায় গতকাল শনিবার রাতে বিক্ষুব্ধ দর্শকেরা রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে। এ সময় তারা বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে বিশ্বকাপ খেলা চলাকালে রাজধানীর সায়েদাবাদ, মানিকনগর ও ধলপুরে বিদ্যুৎ ছিল না। টিভিতে খেলা দেখতে না পেরে রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কয়েক শ যুবক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা বিদ্যুতের দাবিতে লাঠিসোঁটা ও রড হাতে রাস্তায় নেমে আসেন। তাঁরা যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত অচলাবস্থা চলার সময় আশপাশের সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, থানা পুলিশের পাশাপাশি দাঙ্গা দমন বিভাগের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ওয়ারী বিভাগের পুলিশের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ খেলা চলাকালে তাঁর এলাকার গেন্ডারিয়ায় বিদ্যুৎ ছিল না। এ সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ দর্শকেরা বিদ্যুতের দাবিতে সবুজবাগের মাদারটেকের বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ যুবকেরা গাবতলীর বাগবাড়ি ও মিরপুর সাড়ে ১১ নম্বরে রাস্তায় নেমে গাড়িতে ঢিল ছোড়েন। এ ছাড়া নগরের নয়াবাজার, মুরগিটোলাসহ আরও কিছু এলাকায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।