রাজধানীর বিভিন্ন স্থান থেকে চার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থান থেকে গতকাল পুলিশ চারজনের লাশ উদ্ধার করেছে। চারটি লাশই ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।পুলিশ জানায়, গতকাল সবুজবাগ থেকে মো. সুজন (২৫), মগবাজারের রাশমনো হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক তরুণী (২০) ও কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া নিকুঞ্জে মারা যান সাদ্দাম হোসেন (২৫) নামের এক নিরাপত্তাকর্মী।সবুজবাগ থানার পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে দক্ষিণ রাজারবাগ ও মান্ডা খাল থেকে মো. সুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সুজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। সুজনের বাবা আবদুল মান্নান জানান, ১৪ মার্চ থেকে সুজন নিখোঁজ ছিল। এরপর গতকাল খালে তাঁর লাশ পাওয়া যায়। তিনি জানান, তিন বছর আগে সুজন বিয়ে করেন। এক বছরের মধ্যে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। হত্যার পেছনে শ্বশুরবাড়ির হাত থাকতে পারে বলে তিনি দাবি করেন।অপর ঘটনায় মগবাজারের রাশমনো হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করে রমনা থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়, গতকাল ভোরে দুই ব্যক্তি একটি অ্যাম্বুলেন্সে করে ওই তরুণীকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হলে কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।খিলক্ষেত থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে নিকুঞ্জ-২-এর ১৬ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ির সাততলা থেকে পড়ে সাদ্দাম হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। সাদ্দাম ওই বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন। কমলাপুর রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে ছিল জিনস প্যান্ট ও ছাপা জ্যাকেট।