রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে আজ বুধবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ।

বেলা পৌনে দুইটার দিকে পল্টন মোড় ও সচিবালয়ের উত্তর পাশের সড়কে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বেলা ১১টার দিকে রাজধানীর পান্থপথ এলাকায় পরপর আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, মিরপুর-১১ নম্বরে কালশী রোডে বাইশতলা গার্মেন্টসের সামনে এক ব্যক্তি তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ এ সময় তাঁকে অবিস্ফোরিত দুটি ককটেলসহ আটক করে।

কামাল হোসেন জানান, ওই এলাকার লোকজন বিস্ফোরণের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে সময় টিভির এক সাংবাদিককে মারধর করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়।

সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পর্বতা সিনেমা হলের সামনে ১০-১৫ জন রাস্তায় মিছিল বের করে। এ সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও রাস্তায় টায়ারে আগুন লাগায়। পরে পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিরপুর বিভাগীয় পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ এ তথ্য জানান।

সকাল সাড়ে ছয়টার দিকে কল্যাণপুর খালেক পেট্রল পাম্পের বিপরীত দিকে দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

তেজগাঁও বিভাগীয় পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, সকাল সোয়া সাতটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের গলিতে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় হাতেনাতে দুটি ককটেলসহ একজনকে আটক করে শিল্পাঞ্চল থানায় নিয়ে যাওয়া হয়।

অবরোধের মধ্যে রাজধানী থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে না গেলেও প্রধান সড়কগুলোতে কিছু বাস চলাচল করতে দেখা গেছে। রাজধানীর সড়কগুলোতে এখন রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা বেশি চলছে।