রাজধানীর বিভিন্ন স্থানে পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ
রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল শনিবার পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। পল্টন থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফকিরাপুলের কালভার্ট রোড এলাকায় সড়কের পাশে থাকা একটি নীল রঙের নোয়া গাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পরে জনতা আগুন নেভায়। অগ্নিকাণ্ডে গাড়ির আসন ও কাচ পুড়ে যায়। ঘটনার সময় গাড়িতে কেউ ছিল না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল রাত পৌনে নয়টার দিকে শেওড়াপাড়া এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই গাড়িটি পুড়ে যায়। এসআই বলেন, গাড়িটি রাস্তার মাঝামাঝি ছিল। কে বা কারা এতে আগুন দিয়েছে, এ ব্যাপারে স্থানীয় লোকজন কিছু জানাতে পারেনি। পেট্রল ঢেলে গাড়িটিতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে সন্ধ্যার দিকে মিরপুর গোলচত্বরে একটি অটোরিকশাতেও আগুন লাগানোর ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত নয়টার দিকে দারুস সালাম থানার আনসার ক্যাম্প এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয়। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বলেন, গতকাল বিকেল তিনটার দিকে নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসের ভেতরে আগুন ধরে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বাস থেকে নেমে পড়ে। পরে যাত্রীরা আগুন নেভাতে সক্ষম হলেও বাসের চার-পাঁচটি আসন পুড়ে যায়। যাত্রীবেশে কেউ ওই বাসে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে কারাদণ্ড: বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে গতকাল সন্ধ্যায় মো. রাজা (২০) নামের একজন যুবককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে শিশুপার্কের সামনে কয়েকজন যুবক হাতে পেট্রলভর্তি পাত্র নিয়ে একটি বাসে আগুন লাগাতে যান। এ সময় ওই বাসের যাত্রীরা পেট্রলভর্তি পাত্রসহ রাজা নামের ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যান। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। রাজার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি বলে ওসি জানান।