রাজধানীর বিশেষায়িত হাসপাতালে খালেদার স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ

>
- দুই চিকিৎসক হলেন মালিহা রশীদ ও আল মামুন।
- খালেদা জিয়ার এমআরআইসহ কিছু স্বাস্থ্য পরীক্ষার তাগিদ।
- পরীক্ষাগুলো ইউনাইটেড হাসপাতালে করার পরামর্শ।
- বাসভবনের সামনে থেকে পুলিশ প্রত্যাহার।
রাজধানীর বিশেষায়িত হাসপাতালে নিয়ে জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার পরামর্শ দিয়েছেন তাঁর দুজন ব্যক্তিগত চিকিৎসক। গত মঙ্গলবার তাঁরা নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন।
বিএনপির সূত্র জানায়, কারাগারে দেখে আসা দুই চিকিৎসক হলেন মালিহা রশীদ ও আল মামুন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ মালিহা রশীদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ছিলেন। আল মামুন খালেদা জিয়ার বোনের ছেলে। তাঁরা ওই দিন কারা কর্তৃপক্ষকে লিখিতভাবে খালেদা জিয়ার এমআরআই ও অস্থিমজ্জার (বিএমডি) পরিস্থিতিসহ আরও কিছু স্বাস্থ্য পরীক্ষার তাগিদ দেন। পরীক্ষাগুলো ইউনাইটেড হাসপাতালে করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
জানা গেছে, চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার পর মঙ্গলবার রাতেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বিষয়ে পরামর্শ বৈঠক করেন। সেখানে চিকিৎসকদের পরামর্শপত্র অনুযায়ী ব্যবস্থা নিতে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার নীতিগত সিদ্ধান্ত নেয়। সরকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা না নিলে বিকল্প পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন নেতা আজ বৃহস্পতিবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সাক্ষাতে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বা বিকল্প পদক্ষেপ নেওয়ার বিষয়ে খালেদা জিয়ার মত আছে কি না, তা জানার চেষ্টা করা হবে। কারণ, নেতারা মনে করছেন, কারাগারে বন্দী অবস্থায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর হাত-পা ও কোমরের ব্যথা বেড়েছে।
ইতিমধ্যে বিএনপি সংবাদ সম্মেলন করে অবিলম্বে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর সুচিকিৎসার দাবি জানিয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।
চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে।
‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করবেন না’-আওয়ামী লীগের নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এ বক্তব্যের সমালোচনা করে আমীর খসরু বলেন, কারা রাজনীতি করছে তা জনগণ বোঝে।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী ডাহা মিথ্যাচার করেছেন।
বাসভবনের সামনে থেকে পুলিশ প্রত্যাহার
গতকাল খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ প্রত্যাহার করা হয়। একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) নেতৃত্বে চারজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে দেখা যায়, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী গোলাম আজম ছাড়া ওই ভবনের সামনে কেউ নেই। গোলাম আজম প্রথম আলোকে বলেন, পুলিশের সদস্যরা বিকেলে চলে গেছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, গুলশানের কূটনৈতিক অঞ্চলের পুলিশ এ বিষয়টি দেখভাল করে। তাই বিএনপির চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে পুলিশ প্রত্যাহারের বিষয়টি তাঁর জানা নেই।