রাজধানীর ভেতরে বাসভাড়া কমানোর দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভেতরে চলাচলকারী বাসের ভাড়া কমানো ও ঢাকার সব রুটে বিআরটিসির বাস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজধানীর প্রায় ৭৫ শতাংশ মানুষই বাসে যাতায়াত করে। প্রতিদিন অফিস, আদালত, হাসপাতাল, স্কুল, কলেজে যাতায়াতে নগরবাসীর প্রধান যানবাহন বাস। অথচ গণপরিবহনের তীব্র সংকট। নগরবাসীর কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে।
বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে আট দফা তেলের দাম বেড়েছে। তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বাভাবিক হারে দূরপাল্লার পাশাপাশি ঢাকা শহরের বাসভাড়াও বাড়ানো হয়েছে। বাসমালিকেরা সিন্ডিকেট করে লাখ লাখ যাত্রীকে জিম্মি করে রেখেছেন।
সিপিবির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুল হক প্রমুখ।