মিরপুরে বস্তিতে আগুন নিভেছে

রাজধানীর মিরপুর ২ নম্বরে জনতা হাউজিংয়ের পেছনে একটি বস্তিতে আজ মঙ্গলবার লাগা আগুন নিভেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর ১২টা ৪০ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। সিটি করপোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের বেশির ভাগই এই বস্তিতে থাকেন।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মাহবুব জানান, আগুন পুরোপুরি নেভানো হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
বস্তির বাসিন্দা শহীদুল আলমের ভাষ্য, দুপুর ১২টার পর আগুন লাগে। আগুনে তাঁর ঘর পুড়ে গেছে। তাঁর জানা মতে, কেউ মারা যায়নি।
এদিকে বস্তিতে ঘরের সংখ্যা কত, তা জানতে আমাদের এই প্রতিবেদক বস্তির কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে কেউ বলেছেন দুই শতাধিক, আবার কেউ বলেছেন হাজারের বেশি ঘর রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে কর্তব্যরত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।