রাজধানীর রাস্তায় গুলি করে ঠিকাদারকে হত্যা

মাইক্রোবাস থেকে এক ব্যক্তি নামতেই তাঁকে লক্ষ্য করে দুই যুবক কয়েকটি গুলি করলেন৷ গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়তেই ওই দুই যুবক অস্ত্র উঁচিয়ে হেঁটে চলে গেলেন৷ ঘটনাটি ঘটতে সময় লাগল ৩০ থেকে ৪০ সেকেন্ড৷
রাজধানীর আরামবাগের ব্যস্ত কালভার্ট সড়কে গতকাল বৃহস্পতিবার ঠিকাদার সুলতান আহমেদ (৪৫) হত্যাকাণ্ড ঘটেছে এভাবে৷ বেলা পৌনে ১১টার দিকে ব্যস্ত ওই সড়কের মকবুল প্লাজার সামনে এই হত্যাকাণ্ড ঘটে৷ সুলতানের স্বজন ও পুলিশের ধারণা, পূর্বশত্রুতা বা ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে৷
এ ছাড়া, গতকাল সকালে কাফরুলের সেনপাড়া পর্বতা থেকে চা বিক্রেতা মিজানুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুলতান আহমেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও এসএএসআই প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ছিলেন৷ কালভার্ট সড়কের মকবুল প্লাজার তৃতীয় তলায় ওই প্রতিষ্ঠানের কার্যালয়৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সুলতান আহমেদ সবুজবাগের কদমতলার বাসা থেকে নিজের মাইক্রোবাসে করে বেলা পৌনে ১১টার দিকে মকবুল প্লাজার সামনে আসেন৷ মাইক্রোবাসে চালক আমির হোসেন ছাড়াও সুলতানের দেহরক্ষী কামরুল হাসান ছিলেন। সুলতান দরজা খুলে মাইক্রোবাস থেকে নামতেই ওই স্থানে থাকা দুই যুবক তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে অস্ত্র উঁচিয়ে হেঁটে চলে যান। সুলতানের বুকে ও পেটে তিনটি গুলি লাগে এবং তিনি সড়কে লুটিয়ে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সুলতানের স্ত্রী হাসিনা আফরোজ ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন৷ স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে৷ হাসিনা আফরোজ বিলাপ করে বলেন, ‘আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।’ তবে তিনি এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
মাইক্রোবাসের চালক প্রথম আলোকে বলেন, পুরো ঘটনাটি ঘটেছে ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে৷ কামরুল হাসানকে (দেহরক্ষী) দিয়ে তৃতীয় তলার কার্যালয় থেকে কর্মচারীদের ডেকে এনে সুলতানকে হাসপাতালে নেওয়া হয়। কারা, কেন খুন করেছে, তা তিনি জানেন না৷ তিনি জানান, নামার আগে সুলতান একটু পর বের হবেন জানিয়ে তাঁকে গাড়িতে থাকতে বলেছিলেন৷
দেহরক্ষী কামরুল জানান, তিনি সুলতানের পাশের আসনে বসা ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে৷
দুপুরে মকবুল প্লাজার সামনে গিয়ে ছোপ েছাপ রক্তের দাগ দেখা যায়। পুলিশ ওই স্থান ঘিরে রেখেছে। উৎসুক মানুষের ভিড়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই সন্ত্রাসী অস্ত্র উঁচিয়ে রাখায় প্রাণভয়ে কেউ এগোয়নি৷
সুলতানের ঘনিষ্ঠজনেরা জানান, ২০১০ সালে পাবনার বেড়ায় পানি উন্নয়ন বোর্ডের কাজ করার সময় আফজাল হোসেন নামের এক ব্যক্তি সুলতানের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদা না দেওয়ায় ২০১১ সালে তাঁকে রাজধানীর কমলাপুর থেকে অপহরণ করে আফজালের লোকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধার করে। সুলতান এ ব্যাপারে আফজালের বিরুদ্ধে মামলা করেন। সুলতান সম্প্রতি ওই মামলায় সাক্ষ্য দিতে গেলে ঢাকার অাদালত এলাকায় আফজালের সঙ্গে দেখা হয়৷ আফজাল তাঁকে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন৷ এ হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনার যোগসূত্রও থাকতে পারে৷
সুলতানের প্রতিষ্ঠানের কর্মীরা জানান, সুলতান সর্বশেষ যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পেয়েছিলেন। চলতি মাসে ঢাকার বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের ৭০ কোটি টাকার কাজ শেষ করেন।
তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বের জের ধরেও এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহা. আশরাফ উজ জামান বলেন, সুলতানের গাড়িচালক আমিরকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। পরিবারের সন্দেহ এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
গলাকাটা লাশ উদ্ধার: কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার ভাড়া বাসার মূল ফটকের কাছ থেকে সকালে চা বিক্রেতা মিজানুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সপরিবারে ১৮৯ সেনপাড়া পর্বতায় ভাড়া থাকতেন।
মিজানের প্রতিবেশীরা জানান, গত বুধবার দুপুরে মিরপুর ১০ নম্বরে নিজের চায়ের দোকানের উদ্দেশে যাওয়ার পর আর বাসায় ফেরেননি। গতকাল ভোরে বাসার মূল ফটকের সামনে তাঁর গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি বরিশালের মুলাদি থানার কাজীচর গ্রামের নুরু মিয়ার ছেলে।
ঘটনা তদন্তের সঙ্গে যুক্ত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মিজান স্থানীয় একটি সমবায় সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, সমিতি নিয়ে দ্বন্দ্বের জের ধরে কিংবা ছিনতাইকারীদের হাতে তিনি খুন হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিজানের সঙ্গে থাকা একটি মুঠোফোন ও সাত হাজার টাকা খোয়া গেছে।