রাজধানীর শতাধিক ট্রান্সফরমার ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজধানীর বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো পরীক্ষা করা হয়েছে। ১০টি বিষয়কে মাপকাঠি ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) প্রায় সাড়ে চার হাজার ট্রান্সফরমারের ওপর এ পরীক্ষা চালায়। পরীক্ষায় বলা হয়েছে, ট্রান্সফরমারগুলোর সার্বিক অবস্থা ভালো।ডেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ এ কোম্পানির আওতাধীন লাইনে স্থাপিত ট্রান্সফরমার সরেজমিন পরিদর্শন করে ৫২৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করে।মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ ও ‘সোসাইটি অব জাস্টিস’-এর পক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ জুন হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজধানীর সব বৈদ্যুতিক ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিবেদন দিতে ডিপিডিসি ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন। সময় বেঁধে দেওয়া হয় তিন সপ্তাহ। এরই পরিপ্রেক্ষিতে ৭ জুন ডেসকো ১১ সদস্যের একটি কমিটি গঠন করে।এ ব্যাপারে রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, প্রায় সাড়ে চার হাজার ট্রান্সফরমার পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০টি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে অনেকগুলো বাড়িঘর থেকে নিরাপদ দূরত্বে নেই, তেলের পরিমাণ ঠিক নেই অথবা অন্য কোনোভাবে ত্রুটিপূর্ণ। এসব ট্রান্সফরমার অপসারণের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করা হবে। ডেসকোর আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালতে দাখিলের জন্য গতকাল বুধবার হলফনামা করা হয়েছে। শিগগিরই প্রতিবেদনটি জমা দেওয়া হবে।প্রতিবেদনে অধিকাংশ এলাকার ট্রান্সফরমারের সার্বিক অবস্থা ভালো হিসেবে চিহ্নিত করা হয়েছে। তেলের ব্যবহার গ্রহণযোগ্য বা সঠিক রয়েছে। তবে উত্তরা এলাকায় ২৪টি ট্রান্সফরমারের নিচে দোকান, টিনশেড ঘর, ছাপড়া বা পাকা ঘর আছে। টঙ্গী এলাকায় দুটি ট্রান্সফরমারের সার্বিক অবস্থা ভালো নয়। পল্লবীতে চারটি ট্রান্সফরমার স্থাপনা-সংলগ্ন। কল্যাণপুরে ২৯টি ও কাফরুলে ছয়টি ট্রান্সফরমার নিরাপদ দূরত্বে নেই।