রাজধানীর সন্ত্রাসী পিচ্চি আল-আমিন বাজিতপুরে গ্রেপ্তার
রাজধানী ঢাকার বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলার আসামি আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাঁকে রাজধানীর রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাজিতপুর থানা সূত্রে জানা যায়, আল-আমিন বেশ কিছুদিন ধরে কৈলাগ গ্রামে তাঁর সহযোগী শ্যামল মিয়ার বাড়িতে আত্মগোপন করেছিলেন। বিষয়টি জানতে পেরে রোববার রাতে বাজিতপুর থানার পুলিশ কৈলাগ গ্রামে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল পালিয়ে যান। আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, আল-আমিনের বাড়ি মাদারীপুরের কররিয়া গ্রামে। তাঁর সহযোগী শ্যামলের বিরুদ্ধে বাজিতপুর ও রাজধানীর বিভিন্ন থানায় ১৫-২০টি মামলা আছে।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, আল-আমিন রামপুরা থানার শীর্ষ সন্ত্রাসী।