রাজধানীর সব অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ আদালতের
রাজধানীর অবৈধ বিলবোর্ডগুলো অবিলম্বে অপসারণ করতে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ কাজে ডিসিসিকে সর্বাত্মক সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল সোমবার অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। একই সঙ্গে আদালত গত ১৮ মার্চ অবৈধ বিলবোর্ড অপসারণে বাধা দেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রাজধানীতে অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশনা চেয়ে গত রোববার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ রিটটি দায়ের করে। রিটের ওপর গতকাল আদালত আদেশ দেন।গতকালের আদেশে আদালত বৈধভাবে স্থাপিত বিলবোর্ডগুলো সঠিকভাবে বসানো হয়েছে কি না—সে বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে কমিটির প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলেছেন। গত ১৮ মার্চ কার নির্দেশে বা কোন প্রেক্ষাপটে বিলবোর্ড অপসারণে অসহযোগিতা করা হয়েছে, সে বিষয়ে ৫ এপ্রিল আদালতে হাজির হয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে না, তাও জানাতে বলা হয়েছে। এ ছাড়া পুলিশ কর্তৃক কতগুলো বিলবোর্ড স্থাপন করা হয়েছে এবং কোন আইনগত ভিত্তিতে এসব করা হয়েছে, তা ওই দিন হলফনামা আকারে আদালতে দাখিল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে (ডিএমপি) বলা হয়েছে। একই সঙ্গে আদালত কারণ দর্শানোর জন্য রুলও জারি করেন। এতে জনগণের নিরাপত্তা বিধানের জন্য সব অবৈধ বিলবোর্ড কেন অপসারণের নির্দেশ দেওয়া হবে না এবং গত ১৫ মার্চ গুলশানে নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকার মেয়র, ডিএমপি কমিশনার ও শাহবাগ থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মনজিল মোরসেদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।রিট দায়ের করার প্রেক্ষাপট তুলে ধরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, অবৈধভাবে রাজধানীতে শত শত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। ফলে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন। গত ১৫ মার্চ বিলবোর্ডে চাপা পড়ে গুলশানে দুজনের মৃত্যু হয়েছে। এসব বিবেচনা থেকেই রিটটি দায়ের করা হয়। ডিসিসির হিসাব অনুযায়ী, ঢাকা শহরে অন্তত আড়াই হাজার অবৈধ বিলবোর্ড আছে। গত সোমবার রাতে গুলশানে এমনি একটি বিলবোর্ড ভেঙে দুজন নিহত হন। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলাও হয়েছে।