রাজধানীর সব অবৈধ সবিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত ডিসিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। গতকাল মঙ্গলবার ডিসিসির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সবার সঙ্গে বৈঠকের পর ডিসিসি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে। অভিযান চালানোর জন্য লোকবল ও যন্ত্রপাতি বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।ডিসিসির কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ধানমন্ডি মাঠ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত এলাকা, ১ এপ্রিল কুড়িল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি পর্যন্ত এবং ১৫ এপ্রিল আগারগাঁও মোড় ও সংলগ্ন স্থানে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের অভিযান চলবে। ডিসিসি সূত্র জানায়, রাজধানীর অবৈধ বিলবোর্ডগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল ডিসিসিতে বৈঠক হয়। বৈঠকে বিজ্ঞাপনী সংস্থার লোকজন, ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজ্ঞাপনী সংস্থাগুলোর পক্ষ থেকে অবৈধ বিলবোর্ডের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত না নিতে ডিসিসিকে অনুরোধ জানানো হয়। তবে ডিসিসি জানায়, এসব অবৈধ বিলবোর্ড নগরবাসীর নিরাপত্তার জন্য হুমকি। এ ছাড়া আদালতও বিলবোর্ড ভাঙার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। কাজেই দ্রুত অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হবে।হাইকোর্টের একটি বেঞ্চ গত সোমবার রাজধানীর অবৈধ বিলবোর্ডগুলো অবিলম্বে অপসারণ করতে ডিসিসিকে নির্দেশ দেন।