রাজধানীর সরকারি বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ গতকাল বুধবার শুরু হয়েছে। পছন্দের বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করাতে প্রথম দিনই বিদ্যালয়গুলোতে ভিড় জমান অভিভাবকেরা। ফরম তুলতে অভিভাবকদের লাইন ছিল বেশ দীর্ঘ। ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।এ বছরই প্রথম সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার বদলে লটারি করা হবে। রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩টিতে প্রথম শ্রেণী সংযুক্ত আছে। এই ১৩টি বিদ্যালয়কে ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি গুচ্ছে ভাগ করে ফরম বিতরণ করা হচ্ছে। একই গুচ্ছ থেকে কেউ একাধিক ফরম কিনলে তা লটারির সময় অথবা পরে ধরা পড়লে আবেদন বাতিল করা হবে। গতকাল বুধবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ধানমন্ডি বয়েজ স্কুল, মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় থেকে ভর্তি ফরম তুলতে ছিল অভিভাবকদের দীর্ঘ লাইন। এ বছর তিনটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে আছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয় ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।‘খ’ গ্রুপে আছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল ও মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়। আর ‘গ’ গ্রুপে আছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গণভবন সরকারি উচ্চবিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।এই বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে মোট আসন এক হাজার ৫০০। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত। বাকি আসনগুলোতে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে লিখিত পরীক্ষা হবে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর।