রাজধানীর সানমুন স্টার টাওয়ারে উচ্ছেদ অভিযান চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গভবনের সামনে সানমুন স্টার টাওয়ারে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান শুরু করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবনের ২৩ তলা পর্যন্ত অনুমোদন থাকলেও ২৯ তলা করা হয়েছে। এ ছাড়া বঙ্গভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ভবন নির্মাণ করতে হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। কিন্তু তেমন কোনো অনুমোদনও ভবনটি নির্মাণের জন্য নেওয়া হয়নি। এ ভবনে পাঁচতলা ফ্লোর পর্যন্ত সিটি করপোরেশনের মালিকানা রয়েছে। করপোরেশন সেগুলোর দখল নেবে।

আনসার আলী খান বলেন, এ ভবনের মালিক দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। ভবনটির দোতলায় বর্তমান পত্রিকার অফিস রয়েছে। তাঁদের জিনিসপত্র সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে। মালিক মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।