রাজধানীর হাটে পশুর ঘাটতি নেই

রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকালও বিপুলসংখ্যক পশু এসেছে। পশুর সংখ্যা বেড়ে যাওয়ায় হাটগুলো নির্ধারিত জায়গা ছেড়ে আশপাশের খোলা জায়গায় ছড়িয়ে পড়েছে। আজ রোববার থেকে কাল ঈদের দিন সকাল পর্যন্ত বিক্রি বাড়বে বলে ক্রেতা-বিক্রেতাদের ধারণা।
রাজধানীর প্রায় সব সড়কে কাল গরু, ছাগল নিয়ে ক্রেতাদের বাড়ি ফিরতে দেখা গেছে। পশুগুলো পাচ্ছে ভিআইপি মর্যাদা। যানবাহন ও পথচারীরা এদের চলার পথ বাধামুক্ত করতে জায়গা ছেড়ে দিচ্ছে। এমনকি রাস্তা পারাপারের সময় গরুগুলো দাঁড়িয়ে না রেখে যানবাহন থামিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। রাজধানীর হাতিরঝিল, আসাদগেট ও শ্যামলীতে সড়কের মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে তিনটি গরুকে। ক্রেতারা জানান, ক্লান্তির কারণে এরা শুয়ে পড়েছে।
এক সপ্তাহ ধরে বিভিন্ন হাটে পশু আসতে শুরু করে। কিন্তু শুক্রবার পর্যন্ত সেভাবে বিক্রি হতে দেখা যায়নি। গতকাল অন্য দিনের তুলনায় বিক্রি কয়েক গুণ বেড়েছে। তবে এই বিক্রিকে সন্তোষজনক নয় বলে মনে করছেন বিক্রেতারা। তাঁদের বক্তব্য, যত পশু হাটে এসেছে তার সবগুলো বিক্রি না হলে বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই এক দিন বাকি থাকায় বিক্রেতাদের মধ্যে ভয়ও কাজ করছে। ক্রেতারা বলেছেন, ঢাকার মানুষ সাধারণত শেষ দিনেই পশু কেনে। কারণ, রাখার জায়গার সমস্যা। তবে এবার পশুর দাম নিয়ে ক্রেতাদের তেমন অভিযোগ নেই। বরং বড় গরুগুলো কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে বিক্রেতারা শঙ্কিত।
কাল সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর গাবতলী, আগারগাঁও, উত্তরা, কমলাপুর ও আফতাবনগর পশুর হাট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। রাজধানীর হাটগুলোতে কোরবানির জন্য আনা পশুর মধ্যে আছে গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া। এবার হাটে কোরবানির জন্য ছাগলের চাহিদা তেমন দেখা যাচ্ছে না। অনেক ছাগল বিক্রেতা হাট ছেড়ে পাড়া-মহল্লায় ছাগল নিয়ে ঘুরছেন। শেরপুর থেকে এসেছেন মজনু নামের এক বিক্রেতা। তিনি ১২টি ছাগল নিয়ে এসেছেন। হাটে আসা ক্রেতাদের কাছে ছাগলের চাহিদা না থাকায় হাট ছেড়ে নগরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। ছাগলের চাহিদা কম থাকার কারণ হিসেবে তিনি বললেন, মূলত জবাইয়ের পর ছাগল ছাড়ানোর লোক পাওয়া যায় না। বেশি টাকা পাওয়া যায় না বলে কসাইরা সাধারণত ছাগল বানানোর জন্য সময় দিতে চান না।
গতকাল হাটগুলোতে ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা দামের গরু বেশি বিক্রি হতে দেখা গেছে। হাটে আসা বেশির ভাগ ছাগলের দাম সাত হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে। একটু বড় আকারের ছাগলের দাম ২৫-৩০ হাজার টাকার মধ্যে। গতকাল দুপুর পর্যন্ত গাবতলী ও কমলাপুর হাটে কোনো উট বিক্রি হওয়ার খবর পাওয়া যায়নি। মহিষও বিক্রি হতে দেখা যায়নি।
বাড্ডার আফতারনগর হাটে কথা হলো কুষ্টিয়া থেকে আসা বিক্রেতা শহীদুলের সঙ্গে। ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন, তাঁর আনা বড় আকারের কালো গরুটির দাম অন্তত ছয় লাখ টাকা হওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত শুধু একজনই দুই লাখ টাকা বলেছেন। দাম না উঠলে তাঁরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান।
কমলাপুর হাটের বিক্রেতা সালাউদ্দিন বললেন, তাঁদের আনা ১৮টি গরুর মধ্যে সাতটি বিক্রি হয়ে গেছে। এগুলোর ছয়টির দাম ৫১ থেকে ৬৪ হাজারের মধ্যে। একটি বিক্রি হয়েছে ৮২ হাজার টাকায়। তাঁর আশা, কিছু লাভ হলেই তিনি গরুগুলো ছেড়ে দেবেন।
কোরবানির গরুর দাম নিয়ে খুব একটা অসন্তোষ নেই ক্রেতাদের মধ্যে। মগবাজারের বাসিন্দা সোলায়মান হোসাইন গতকাল তিনটি গরু কিনেছেন গাবতলী থেকে। তিনটির দাম পড়েছে দুই লাখ ২৫ হাজার টাকা। তাঁর মতে দাম ঠিকই আছে।