রাজধানীর হাসপাতাল-সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে
রাজধানী ঢাকার হাসপাতাল-সংলগ্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান শিগগির শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ঢাকার হাসপাতাল-সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদসংক্রান্ত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে ঢাকার হাসপাতালগুলোর সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি দু-একদিনের মধ্যে বৈঠক করে উচ্ছেদ অভিযান শুরু করবে। উচ্ছেদ শেষে পুনর্দখল রোধে ওই এলাকায় সাত দিনের জন্য আনসার নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে ঢাকা বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতালগুলোর পরিচালকেরা থাকবেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অবৈধ স্থাপনাগুলোর কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। এসব জায়গায় বিভিন্ন অবৈধ ব্যবসা চলছে। এমনকি হাসপাতালগুলোর ওষুধও এসব জায়গায় বিক্রি হয়।
মন্ত্রী আরও বলেছেন, ‘কোনো কোনো জায়গায় রাজনৈতিক প্রশ্রয়ে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু কোনো রাজনৈতিক প্রশ্রয় মেনে নেন না, সেহেতু উচ্ছেদ অভিযানে আমিও কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেব না।’ ফুটপাত বা সরকারি জায়গা কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অভিযান শেষে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ যদি নিজ নিজ হাসপাতাল পরিষ্কার রাখতে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রতিটি হাসপাতালের প্রাচীর সংলগ্ন স্থানে বাগান করে সৌন্দর্য বর্ধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল এবং অন্যান্য সরকারি হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন।