রাজধানীর হোটেল থেকে পুলিশ সদস্যসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আশকোনার একটি হোটেল থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই পুলিশ কনস্টেবলকে হত্যার পর অপরজন নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল আবদুর রহমান ও তেল পাম্পের কর্মচারী মো. শহীদুল। কনস্টেবল আবদুর রহমান পুলিশের দাঙ্গা দমন বিভাগে (পিওএম) কর্মরত ছিলেন। গত সোমবার সন্ধ্যায় এই দুজন হোটেল শুভ ইন্টারন্যাশনালের ৬০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। এরপর গতকাল সন্ধ্যায় দরজা ভেঙে তাঁদের লাশ উদ্ধার করা হয়। হোটেলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো দিকে অবস্থিত।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, শহীদুল কনস্টেবল রহমানকে হত্যা করে পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই কক্ষ থেকে একটি ছুরি, হাতুড়ি ও কিছু বিষ উদ্ধার করা হয়েছে। কনস্টেবল রহমানের শরীরে ছুরিকাঘাত ও অন্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে মনে হচ্ছে, গলায় ফাঁস দেওয়ার আগে শহীদ বিষও পান করেছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটল, তা জানা যায়নি। উপকমিশনার বলেন, ধরন দেখে মনে হয়েছে, কনস্টেবল রহমানকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে। ঘরের দরজার লক ও নিচের সিটকিনি দুটোই আটকানো ছিল। ষষ্ঠতলায় এ কক্ষটিতে ঢোকার আর কোনো পথ ছিল না। পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।কনস্টেবল রহমানের বাড়ি নরসিংদীর শিবপুরে। তিনি ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) ভোগ করছিলেন। আর শহীদুলের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে। দক্ষিণখান থানার পুলিশ জানায়, হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সোমবার একসঙ্গে হোটেলের কক্ষটি ভাড়া নেন। দিনভর তাঁদের আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর হোটেল কর্মচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ কক্ষ থেকে তাঁদের লাশ উদ্ধার করে।