রাজধানীর ৩০১টি ভবন নাগরিক উদ্বেগের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অতিঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ৩০১টি ভবন সংরক্ষণ, অপসারণ ও সংস্কারের কার্যকর কোনো ব্যবস্থা গত পাঁচ বছরেও নেওয়া হয়নি। ভবনগুলো এখন নাগরিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২০১০ সালে এই তালিকা করেছিল। এর মধ্যে ৯৩টি বাড়িকে প্রাচীন ঐতিহ্য হিসেবে সংরক্ষিত বলে ঘোষণা করা হয়।
রাজউকের তালিকাভুক্ত ভবনগুলোর বেশির ভাগই শাঁখারীবাজার, পানিটোলা, ঝুলনবাড়ি, তাঁতীবাজার, ফরাশগঞ্জ, প্যারীদাস রোড, নর্থব্রুক হল রোড, বংশালসহ পুরান ঢাকায় অবস্থিত। এর মধ্যে সংরক্ষিত ভবনগুলোর দায়িত্ব নগর উন্নয়ন কমিটির ওপর ন্যস্ত আছে। অতিঝুঁকিপূর্ণ অন্য ভবনের বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু এক সংস্থা অন্য সংস্থার ওপর দায়িত্ব চাপানোর ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না।
এই অবস্থার মধ্যে ১৯৯৩ সালে প্রণীত জাতীয় বিল্ডিং কোড না মেনে অনেক নতুন ভবন তৈরি হয়েছে। রাজউক এসব কঠোরভাবে তদারক না করায় শহরবাসীর ঝুঁকি বাড়ছে।
জানা যায়, পাঁচ বছর আগে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে নগর উন্নয়ন কমিটি গঠিত হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে পুরান ঢাকাসহ রাজধানীর ৭টি এলাকার ৭টি সড়ক এবং ৯৩টি বাড়ি ও স্থাপনাকে ঐতিহ্যবাহী ও সংরক্ষিত ঘোষণা করা হয়। অথচ এই বাড়িগুলো সংরক্ষণ ও সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাড়ির মালিকেরা অভিযোগ করছেন, তাঁরা নিজেরাও সংস্কার করতে পারছেন না। নিয়ম অনুযায়ী, সংস্কার করতে হলে নগর উন্নয়ন কমিটির অনুমোদন লাগে। কিন্তু আবেদন করলেও সেই অনুমোদন মেলে না। আবার অনেকে প্রভাব খাটিয়ে সংরক্ষিত ভবন ভেঙে বহুতল ভবনও তৈরি করেছেন।
জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন-নিয়ন্ত্রণ) আসমাউল হক বলেন, ‘সিটি করপোরেশন আইন’ অনুসারে করপোরেশনের অধীন এলাকায় বসবাসের অনুপযোগী বা ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ বা বসবাসকারীদের সরিয়ে আনার দায়িত্ব সিটি করপোরেশনের।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগ থেকে বলা হয়, তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনের নকশা বা প্ল্যান চাওয়া হলেও রাজউক থেকে তা দেওয়া হয়নি। এই অভিযোগের জবাবে রাজউকের সদস্য আসমাউল হক বলেন, তালিকাভুক্ত বেশির ভাগ ভবন নির্মাণ করা হয়েছে অনুমোদিত নকশা ছাড়া, রাজউক সৃষ্টির আগে। তাই সেগুলোর নকশা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
এদিকে গতকাল সোমবার ভোরের ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলেছে, শুধু ঢাকা শহরে ৭২ হাজার বাড়ি ঝুঁকিপূর্ণ রয়েছে।
গতকালের ভূমিকম্পে পুরান ঢাকার শাঁখারীবাজারে ৬২ নম্বর তিনতলা ভবনে ফাটল দেখা দেয়। ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও চারটি পরিবার সেখানে বসবাস করে।
গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সামনে ও পেছনে বিধ্বস্ত ওই বাড়ি। দুদিকে দুটি ভবনের সঙ্গে লেগে আছে। ওপরে ওঠার সিঁড়ি ভাঙা ও অন্ধকারাচ্ছন্ন। কোথাও কোথাও বিপজ্জনকভাবে রড বেরিয়ে আছে। বাড়ির বাসিন্দা সুমন সুর ও টুকু সুর জানান, আগে এখানে ৫০ জনের মতো লোক বসবাস করলেও এখন চারটি পরিবারের ২২ জন সদস্য আছেন। অন্য কোথাও থাকার জায়গার ব্যবস্থা না হওয়ায় ঝুঁকিপূর্ণ জেনেও অনেকটা বাধ্য হয়ে তাঁরা এখানে বসবাস করছেন।
সংরক্ষিত ভবন ঘোষণা করায় ওই ভবনটি ভেঙে নতুন ভবন করা যাচ্ছে না বলে জানান বাসিন্দারা। আবার দেখা গেল, শাঁখারীবাজারের ফাটল ধরা ভবনটির পাশেই ৬৫ নম্বর বাড়িটি ভেঙে বহুতল ভবন হচ্ছে।
ভূমিকম্পে পুরান ঢাকার আগা সাদেক রোডের ১৫৫ নম্বর ভবন হেলে পড়েছে ৬৯/এ ভবনের গায়ে। একই এলাকার ২৫ নম্বর রোডে ৩ নম্বর ভবন হেলে পড়েছে ৪ নম্বর ভবনে। বংশালে মাজেদ সরদার রোডে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের নিচতলায় একটি কক্ষেও ফাটল দেখা দিয়েছে ভূমিকম্পের পর।
জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক বাংলাদেশ ভূমিকম্প সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান আনসারী প্রথম আলোকে বলেন, ঢাকায় অন্ততপক্ষে ২০ শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭ অতিক্রম করলে বড় বিপর্যয় ঘটতে পারে। তিনি বলেন, জাতীয় বিল্ডিং কোড ও সংশ্লিষ্ট অন্য বিধিগুলো মেনে, নরম মাটি এড়িয়ে ভবন নির্মাণ করা হলে ৯০ শতাংশ ঝুঁকি কমানো সম্ভব।