রাজধানীসহ আশপাশে আট মাসে ২৬৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ও এর আশপাশে নারায়ণগঞ্জ থেকে টঙ্গী হয়ে বঙ্গবন্ধু যমুনা সেতু ও ময়মনসিংহ পর্যন্ত এলাকার রেলপথে গত আট মাসে ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে রাজধানীর বনানী পর্যন্ত মাত্র ১১ কিলোমিটার রেলপথেই এর অর্ধেক মানুষের মৃত্যু ঘটেছে।
রেলের ঢাকা বিভাগীয় কর্তৃপক্ষ এবং রেল পুলিশ ঢাকার গেন্ডারিয়া, মগবাজার, কারওয়ান বাজার ও বনানী এলাকাকে রেলপথে মৃত্যুর জন্য সর্বাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
রেলওয়ে পুলিশ (জিআরপি) ঢাকা থানা এলাকাটি হচ্ছে একদিকে নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত। অন্যদিকে জয়দেবপুর থেকে ময়মনসিংহের কাওরাইদ পর্যন্ত। এ এলাকায় প্রায় ৩০০ কিলোমিটার রেলপথ রয়েছে।


রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারের যে স্থানে দুই ট্রেনের মাঝে আটকা পড়ে চারজনের মৃত্যু হয়েছে, সেখানে প্রায়ই কাটা পড়ার ঘটনা ঘটে। কারণ, কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত পাশাপাশি দুটি রেলপথ। এফডিসি গেটের পর ওই অংশটি দিয়ে ঢাকার বাইরে যাওয়ার পথটি সোজা। কিন্তু মগবাজার থেকে তেজগাঁও রেলক্রসিংয়ের দিকে এফডিসি গেট পর্যন্ত রেলপথটিতে ৫ ডিগ্রি বাঁক থাকায় দূর থেকে ট্রেন দেখা যায় না।
সূত্র জানায়, কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত দুই রেলপথের মাঝখানে আট ফুট জায়গা রয়েছে। দুটি ট্রেন পাশাপাশি চলার সময় তা কমে পাঁচ ফুটে নেমে আসে। এ অবস্থায় মাঝখানে বাতাসের গতির কারণে কারও পক্ষে দাঁড়িয়ে থাকাও কঠিন।
রেলওয়ে পুলিশের হিসাবে, গত জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত রেলের ঢাকা থানা এলাকায় যে ২৬৮ জন মারা গেছেন, তার ১৮২ জন পুরুষ। নারী মারা গেছেন ৮৬ জন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই পারাপারের সময় কিংবা বাজার এলাকায় রেললাইনে কাটা পড়ে মারা যান। এর বাইরে আত্মহত্যা ও অন্যত্র খুন করে রেললাইনে এনে ফেলে যাওয়ার ঘটনাও রয়েছে।
এ হিসাবের বাইরে রেলে কাটা পড়ে নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে যাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, তাঁদের একটি হিসাব রয়েছে রেলওয়ে পুলিশের কাছে। তাতে দেখা যায়, গত আট মাসে ১৬০ জন হাসপাতালে এসে মারা গেছেন কিংবা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নিহত ব্যক্তিদের মধ্যে ঢাকার আশপাশ ছাড়া দূরদূরান্তে কাটা পড়া ব্যক্তিরাও রয়েছেন।


জানতে চাইলে রেলওয়ে পুলিশ ঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, কমলাপুর থেকে বনানী পর্যন্ত রেলপথটুকু খুবই ঝুঁকিপূর্ণ। ৫০ ভাগ মৃত্যুর ঘটনা এ এলাকায় ঘটে। পুলিশের আসলে এখানে খুব বেশি কিছু করারও নেই।
রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত পথে প্রতি ২০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যায় এবং ঢাকায় প্রবেশ করে। এর সঙ্গে রেলপথের পাশ ধরে গড়ে ওঠা বস্তি ও কাঁচাবাজারের কারণে এ এলাকায় ট্রেনে কাটা পড়ার প্রবণতা বেশি।


সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত রেলপথের পাশে ১৬টি কাঁচাবাজার ও মাছবাজার গড়ে উঠেছে। কয়েকটি মূল বাজার রেললাইনের বাইরে হলেও সময় সময় তা রেললাইন পর্যন্ত ছড়িয়ে পড়ে। রেল কর্তৃপক্ষ দাবি করেছে, রেলপথে মানুষের চলাচল সীমিত করতে ৬০টি সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়েছে ওই এলাকায়।
রেলওয়ে সূত্র জানায়, রেলপথে সবচেয়ে বেশি মানুষ মারা যায় দুই কারণে। রেলক্রসিংয়ে দুর্ঘটনা এবং রেলের নিচে কাটা পড়া। রেলের নিচে কাটা পড়লে রেল কর্তৃপক্ষ কোনো দায় নেয় না। কাটা পড়াদের মধ্যে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কিংবা হত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ফেলে দেওয়ার ঘটনাও রয়েছে। এটাকে দুর্ঘটনা হিসেবেও নথিভুক্ত করে না রেলওয়ে। কাটা পড়া কিংবা আত্মহত্যার বেলায় রেল কর্তৃপক্ষ উল্টো মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। আর রেলক্রসিংয়ে দুর্ঘটনার বেলায় বেশির ভাগই দায় এড়ানোর চেষ্টা করে রেল কর্তৃপক্ষ।
জানতে চাইলে রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুল আহসান প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রায়ই তাঁরা লিফলেট বিতরণ ও মাইকিং করেন। সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দিয়েছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানও চালান। এরপর রেলের নিচে কাটা পড়লে বা লাইনের ওপর কোনো কারণে কেউ মারা গেলে রেলের কিছু করার থাকে না বলে মন্তব্য করেন তিনি।