রাজধানীসহ চার জেলায় প্রাণ গেল আটজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে প্রাণ গেল আরও আটজনের। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ দেশের চার জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৯৪ দিনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৮২০। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে ও গতকাল ভোরে দুর্ঘটনা তিনটি ঘটে। অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয় উত্তরা ৭ নম্বর সেক্টরের আজমপুর বাস স্ট্যান্ড-সংলগ্ন রাস্তা থেকে। ভোরে যাত্রাবাড়ীতে শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের চাপায় আসাদ নামের এক পথচারী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় ইসতিয়াক আহামেদ শাওন (১০) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্র মারা গেছে। শাওনের বাবা আশেদ মাহমুদ সাংবাদিকদের বলেন, অসুস্থ এক আত্মীয়কে দেখতে সোমবার রাতে দাদার সঙ্গে শংকর এলাকায় গিয়েছিল শাওন। বাসায় ফেরার পথে হাসপাতালটির সামনে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে সে মারা যায়।
গোপালগঞ্জের মুকসুদপুরের বোয়ালিয়া সড়কের কমলাপুরে সন্ধ্যায় চাকা খুলে গিয়ে একটি ট্রাকের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন হাসান (৩০) ও এবাদাত (২০)। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার থানাঘাট মোড়ে একটি বাসের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বাসটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি অস্থায়ী দোকানে ঢুকে পড়ে। আশপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মোটরসাইকেলের নিহত আরোহীর নাম সাকাওয়াত হোসেন (৪০)।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের কুট্টাপাড়া মোড়ে বিকেলে একটি গাড়ির ধাক্কায় বিমানবাহিনীর করপোরাল তুহিন জামান (৩২) নিহত হয়েছেন। তিনি সিলেটে বিমানবাহিনীর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার হাইজপাড়া গ্রামে। তিনি মোটরসাইকেলে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন। কুট্টাপাড়া মোড় এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত তুহিনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের ইসলামাবাদ এলাকায় সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে এসে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন দৈনিক মানবকণ্ঠ-এর জেলা প্রতিনিধি নূর আলম ও খোলা কাগজ-এর মোশারফ হোসেন।