রাজধানীসহ চারটি জায়গায় চিকুনগুনিয়া দেখা দিয়েছে
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশের চারটি জায়গায় চিকুনগুনিয়া রোগ দেখা দিয়েছে। রাজধানী, ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এ রোগ শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগটি ব্যাপকভাবে বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এখন পর্যন্ত ২৫০টি নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ৪৬ জনের শরীরে রোগটির অস্তিত্ব পাওয়া গেছে।রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক বে-নজীর আহমেদ বলেন, রোগটি জনস্বাস্থ্যের জন্য হুমকি। কোনো একটি জায়গায় একবার এ রোগ দেখা দিলে বিপুলসংখ্যক মানুষ এতে আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তির গায়ে জ্বর ও প্রচণ্ড ব্যথা হয়। হাঁটু, কবজি ও হাত বা পায়ের আঙুলের হাড় ব্যথা করে। কোনো কোনো ক্ষেত্রে হাড়ের সংযোগস্থল ফুলে যায়। ৪০ থেকে ৫০ শতাংশ রোগীর চামড়ায় লালচে দানা (র্যাশ) দেখা দিতে পারে।আইইডিসিআর সূত্র জানায়, বাংলাদেশে এটি চিকুনগুনিয়া রোগের তৃতীয় প্রাদুর্ভাব (আউটব্রেক)। দেশে এ রোগের প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় ২০০৮ সালে রাজশাহী জেলার পবা উপজেলায়। তখন ৩২ জন রোগীকে শনাক্ত করা হয়েছিল। এরপর ২০০৯ সালে পাবনার সাঁথিয়া উপজেলায় রোগটি দেখা যায়।গত মাসের শেষ দিকে দোহার উপজেলার চরকোসাই, চর লটাখোলা, দক্ষিণ শিমুলিয়া ও ইকরাশি গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসে।