রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের অনেক স্থানে গতকাল শনিবার রাত নয়টার পর থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। আজ রোববার বিকেল পর্যন্ত এই সংকট ছিল। বিকেল চারটার পরে অনেক এলাকাতে গ্যাস এসেছে বলে জানা গেছে।
মতিঝিল, পল্টন, প্রেসক্লাব, সেগুনবাগিচা, বেইলি রোড, বাড্ডা, খিলগাঁও, কাজীপাড়া, রামপুরা, বাসাবো, মগবাজার, মহাখালী, লালবাগ, গেন্ডারিয়া, গুলশান, বনানী, ধানমন্ডি, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালীসহ বিভিন্ন এলাকায় গ্যাস না থাকার বিষয়ে অভিযোগ করেন প্রথম আলো ডটকমের পাঠকেরা।
ঢাকার বাইরে সাভার, গাজীপুর, মির্জাপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায়ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে খবর পাওয়া যায়।
গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁয় রান্না বন্ধ ছিল। ফলে ওই সব এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
আজ সকালে পেট্রোবাংলা সূত্র জানায়, মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে কারিগরি ত্রুটির কারণে উত্পাদন বন্ধ হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৮৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। এখন সেখান থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই সরবরাহ ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান, বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সরবরাহ ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু হবিগঞ্জের মুচাই এলাকায় যে কমপ্রেশার স্টেশনটি রয়েছে, সেটি এখনো চালু করা যায়নি। ফলে পাইপলাইনে গ্যাসের চাপ কিছুটা কম। গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বাড়ার সঙ্গে সঙ্গে পাইপলাইনে গ্যাসের চাপ বাড়তে থাকবে। একটি পর্যায়ে ওই কমপ্রেশার স্টেশনটি চালু করা যাবে। আজ বিকেল নাগাদ এটি সম্ভব হবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ আহমেদ প্রথম আলো ডটকমকে সকালে জানান, তাঁর আওতাভুক্ত এলাকার পাইপলাইনে আবার নতুন করে গ্যাস আসতে শুরু করেছে।