রাজধানীসহ সারা দেশে বেড়েছে ব্রংকিউলাইটিসের প্রকোপ
রাজধানীসহ সারা দেশে দুই বছরের কম বয়সী শিশুদের মধ্যে ব্রংকিউলাইটিস রোগের প্রকোপ বেড়েছে। শ্বাসকষ্টজনিত এ রোগে আক্রান্ত শিশুদের পর্যাপ্ত অক্সিজেন দিতে হয়। কিন্তু দেশের অনেক অঞ্চলে হাসপাতালে অক্সিজেনের সরবরাহ নেই। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে শনাক্ত না হওয়ার কারণে ব্রংকিউলাইটিসে আক্রান্ত শিশুকে নিউমোনিয়ার চিকিত্সা দেওয়া হচ্ছে। এর ফলে শিশুকে বেশি ওষুধ খেতে হচ্ছে, যার কোনো প্রয়োজন নেই। ব্রংকিউলাইটিসে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীনে চলতি মাসের প্রথম সপ্তাহে ২৩ জন শিশু ভর্তি হয়। ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে পাঁচজন শিশু এ রোগে আক্রান্ত হয়ে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণক্ষমতার প্রায় দেড় গুণ শিশু ভর্তি হওয়ায় বাড়তি ব্যবস্থা নিতে হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালে ব্রংকিউলাইটিসে আক্রান্ত ছয় মাস বয়সী সানজিদা ইসলামের পাশে বসে ছিলেন তার মা শাহনূর। শাহনূর এসেছেন রাজধানীর মানিকনগর থেকে। তিনি প্রথম আলোকে বলেন, তিন মাস বয়স থেকে সানজিদা সর্দি ও কাশির অসুখে ভুগছে। চার মাস বয়স থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এখনো শ্বাসকষ্ট রয়ে গেছে। বুকের দুধ খেতেও কষ্ট হয় শিশুটির। একই কথা জানিয়েছেন রাজধানীর সিপাহীবাগ থেকে আসা আশিকের মা মুক্তা। দুই মাস বয়সী আশিকও ব্রংকিউলাইটিসে আক্রান্ত। ওই হাসপাতালের চিকিত্সক তসলিম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারি মাসে এ রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। শ্বাসকষ্ট নিয়ে শিশুরা হাসপাতালে আসে। পরীক্ষা করে দেখা গেছে, এসব শিশু ব্রংকিউলাইটিসে আক্রান্ত। তিনি আরও বলেন, এসব শিশুকে অক্সিজেনের মাধ্যমে চিকিত্সাসেবা দেওয়া হয়। তিন থেকে পাঁচ দিন থাকার পর শ্বাসকষ্ট একটু কমে আসে। তবে শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হয়।ঢাকা শিশু হাসপাতালেও ব্রংকিউলাইটিসে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বেড়েছে। হাসপাতালের উপ-পরিচালক এইচ এস কে আলম প্রথম আলোকে বলেন, চলতি মাসে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৯০০ রোগী আসছে। তাদের মধ্যে ব্রংকিউলাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আছে। ব্রংকিউলাইটিস নিয়ে গবেষণা করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যাপক এ আর এম লুত্ফুল কবীর। প্রথম আলোকে তিনি বলেন, ব্রংকিউলাইটিস ভাইরাসজনিত রোগ। আর নিউমোনিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ।শিশুরোগ বিশেষজ্ঞ খুরশীদ তালুকদার প্রথম আলোকে বলেন, ব্রংকিউলাইটিস সমস্যার প্রধান সমাধান রোগটি যথাযথভাবে শনাক্ত করা। নিউমোনিয়ার রোগী মনে করে অক্সিজেন না দিয়ে কেবল অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। তিনি আরও বলেন, অক্সিজেনের পাশাপাশি শিশুকে বুকের দুধও দিতে হবে।