রাজধানীসহ ২৩ জেলায় জনজীবন কিছুটা স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিনে পোশাকশিল্পের পণ্যবাহী এই কাভার্ড ভ্যানগুলো মিরসরাইয়ের একটি পেট্রলপাম্পে আটকা পড়ে। গতকাল সকালে হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতল এলাকায় হরতাল-সমর্থকেরা কাভার্ড ভ্যানগুলোতে আগুন ধরিয়ে দেন। ছবিটি গতকাল দুপুর ১২টার দিকে তোলা ষ কৃষ্ণ চন্দ্র দাস
১৮-দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিনে পোশাকশিল্পের পণ্যবাহী এই কাভার্ড ভ্যানগুলো মিরসরাইয়ের একটি পেট্রলপাম্পে আটকা পড়ে। গতকাল সকালে হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতল এলাকায় হরতাল-সমর্থকেরা কাভার্ড ভ্যানগুলোতে আগুন ধরিয়ে দেন। ছবিটি গতকাল দুপুর ১২টার দিকে তোলা ষ কৃষ্ণ চন্দ্র দাস

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার রাজধানীসহ ২৩টি জেলায় জনজীবনও ছিল কিছুটা স্বাভাবিক। এসব জেলায় হরতাল-সমর্থকেরা মাঠে ছিলেন না বললেই চলে। যানবাহন চলেছে আগের চেয়ে বেশি। জনজীবনও ছিল তুলনামূলক স্বাভাবিক। বেশির ভাগ জেলায় ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট ছিল খোলা। অফিস-আদালতও চলেছে স্বাভাবিক। তবে উপস্থিতি ছিল কম। কিছু জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও ক্লাস হয়নি।
বিরোধী জোটের নেতারা বলছেন, তাঁদের নেতা-কর্মীদের নামে দ্রুত বিচার আইনে মামলা দেওয়ায় এবং দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখায় কেউ মাঠে নামতে পারছেন না। প্রথম দিনের হরতালের তুলনায় গতকাল রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল বেড়েছে। তবে কোনো জেলা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
খুলনা নগরে কোথাও পিকেটার দেখা যায়নি। রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলে যায় অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান।
ভোলা শহরে প্রবেশের মুখগুলো সকালেই বন্ধ করে দেন হরতাল-সমর্থকেরা। তবে দুপুর ১২টার পর শহরের অধিকাংশ দোকানপাট ছিল খোলা।
কক্সবাজারের বাজারঘাটা ও টেকপাড়ায় সকালে পিকেটিং করেন জামায়াতের কর্মীরা। ১৮-দলীয় জোটের কোনো নেতাকে এ সময় মাঠে দেখা যায়নি। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, গ্রেপ্তারের আতঙ্কে জ্যেষ্ঠ নেতারা মাঠে নামতে পারছেন না। কক্সবাজারে অটোরিকশা, টমটম, মাইক্রোবাস ও রিকশা চলাচল করেছে। দোকানপাট, ব্যাংক-বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতও ছিল খোলা।
নিরুত্তাপ ছিল বরিশাল নগরও। সকাল থেকেই যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। কাঁচাবাজার খোলা থাকলেও আমদানি কম থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ব্যাংক-বিমা, অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। স্কুল-কলেজ খোলা থাকলেও স্বাভাবিক কার্যক্রম চলেনি। সিরাজগঞ্জে বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকলেও রিকশা-ভ্যান চলেছে। ব্যাংক, অফিস-আদালতও যথানিয়মে চলেছে। বরগুনা শহরে দুপুরের পর সীমিত আকারে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করেছে। ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। কোথাও পিকেটিং লক্ষ করা যায়নি।

ময়মনসিংহ শহরের কোথাও তেমন পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বলেন, নেতা-কর্মীদের নামে দ্রুত বিচার আইনে মামলা দেওয়ায় এবং দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখায় কেউ মাঠে নামতে পারেননি।

বগুড়া শহরেও আগের মতো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। প্রধান সড়কে রিকশা, ভ্যান, মোটরসাইকেল চললেও মহাসড়কে যানবাহন চলাচল ছিল বন্ধ। কিছু হোটেল ও খাবারের দোকান খোলা ছিল। ফুটপাতে হকাররা পসরা সাজিয়ে বসলেও ক্রেতা ছিল কম।

নাটোরে রিকশা, ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলেনি। শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। অফিস-আদালত, ব্যাংক-বিমায় লোকজনের উপস্থিতি ছিল কম। কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। রংপুরে কিছু দোকানপাট বন্ধ থাকলেও মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। স্কুল-কলেজ খোলা ছিল। ব্যাংক-বিমায় লেনদেন হয়েছে। অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলেছে।

সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের চৌহাট্টা পর্যন্ত পিকেটিং করেন হরতাল-সমর্থকেরা। ফলে ওই এলাকা দিয়ে রিকশা পর্যন্ত চলাচল করতে পারেনি। আম্বরখানা মোড় সিলেটের বিমানবন্দর সড়ক ও সুনামগঞ্জ সড়কের মিলনস্থল। এ মোড়ের সব কটি দোকান বন্ধ ছিল। তবে ফুটপাতে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসায় মানুষের আনাগোনা দেখা গেছে দিনভর। মদিনা মার্কেটের সব বিপণিবিতান বন্ধ ছিল।

ফরিদপুরে হরতাল-সমর্থকদের মাঠে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে যানবাহন ভাঙচুর ও ককটেল ফাটানো হয়েছে। শহরের কিছু দোকানপাট খোলা থাকলেও স্কুল-কলেজ ছিল বন্ধ। পাবনা শহর ও আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বড় যানবাহন না চললেও রিকশা, অটোরিকশা স্বাভাবিকভাবে চলাচল করেছে।

রাজশাহী নগরে বড় বড় দোকান বন্ধ থাকলেও ব্যাংকে লেনদেন হয়েছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কম থাকলেও রিকশা ও অটোরিকশার চলাচল ছিল স্বাভাবিক। নগরের সাহেব বাজারের গুড় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, হরতাল না থাকলে পাইকারি প্রায় ৩০-৪০ চাকি গুড় বিক্রি হয়। খুচরা বিক্রি হয় প্রায় ৩০ কেজি। কিন্তু আজ (সোমবার) ক্রেতা কম।

কিশোরগঞ্জ শহরে সকাল থেকে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল খোলা। শহরের বেশির ভাগ দোকানপাট খোলা থাকলেও ক্রেতাদের ভিড় ছিল কম। সদর উপজেলার যশোদল গ্রামের রিকশাচালক আবু মিয়া (২৪) বলেন, ‘তিন পোলা-মাইয়্যা নিয়া ছয়জনের সংসার চালাইতে অহন আর হরতাল মানি না।’

সাভারের বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো খোলা ছিল। সাধারণ মানুষের চলাফেরাও ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-কালিয়াকৈর ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে কিছু বাস ও ট্রাক চলাচল করেছে। হরতাল-সমর্থকদের মাঠে দেখা যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠান ছিল খোলা।

কুমিল্লা নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোনো পিকেটার দেখা যায়নি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কৌশলগত কারণে জ্যেষ্ঠ নেতারা হরতালে মাঠে নামেননি।

যশোরে সকাল ১০টার পর মানুষ রাস্তায় নামতে থাকে। যশোর-খুলনা ও যশোর-সাতক্ষীরা সড়কের কয়েকটি স্থানে হরতালকারীরা মিছিল করেন। খাজুরা বাসস্ট্যান্ডে হরতাল-সমর্থক ও হরতালবিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে শুল্কায়ন, পণ্য ওঠানো-নামানোসহ যাবতীয় কাজ চলেছে। তবে বন্দর থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।

দিনাজপুরে রিকশা ও মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলেনি। টানা হরতালে ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে অচলাবস্থা। শহরের স্টেশন রোডের নিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক বোরহানুল গণি বলেন, মানুষ শহরে আসতে না পারায় রেস্টুরেন্টগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

গাজীপুরের ব্যস্ততম আদালতপাড়ায় দুপুর পর্যন্ত মানুষের আনাগোনা দেখা যায়নি। সেখানকার অফিসগুলোতে অলস সময় কাটিয়েছেন কর্মকর্তারা। বেলা দুইটার দিকেও জেলা শহরের বেশির ভাগ দোকানপাট ছিল বন্ধ। চান্দনা চৌরাস্তায় স্থানীয় যাত্রীবাহী বাস, হিউম্যান হলার, অটোরিকশা চলাচল করায় বেশ ব্যস্ততম মনে হয়েছে এলাকাটি। বেশির ভাগ দোকানপাটও ছিল খোলা।

গাইবান্ধায় রিকশা ও অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করেনি। স্কুল-কলেজ খোলা ছিল। ব্যাংকে লেনদেন হলেও লোকজনের উপস্থিতি ছিল কম।

নারায়ণগঞ্জ শহরের বেশির ভাগ দোকানপাট ছিল খোলা। লঞ্চ চলাচল করেছে স্বাভাবিক। রপ্তানিমুখী অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস হয়নি। রাঙামাটিতেও অভ্যন্তরীণ যানবাহন চলাচল করেনি। শহরের কলেজ ও বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। কিছু দোকানপাট খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি ছিল কম।

রাঙামাটিতে অভ্যন্তরীণ যানবাহনও চলাচল করেনি। শহরের কলেজ ও বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। কিছু দোকানপাট খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি ছিল কম।

চট্টগ্রামে প্রথম দিনের তুলনায় গতকাল যানবাহন চলাচল বেড়েছে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরের ষোলশহরে প্রচুর রিকশা, অটোরিকশা ও অটোটেম্পো চলেছে। সকাল ১০টার দিকে বায়েজিদ এলাকায় বিএনপির মিছিল থেকে কয়েকটি যানবাহন ভাঙচুরের পর ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি শান্ত হলে এক ঘণ্টা পর পুনরায় গাড়ি চলাচল শুরু হয়। নিউমার্কেট এলাকায় টেম্পো, রাইডার, হিউম্যান হলার প্রতিদিনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল।

রেলওয়ে পূর্বাঞ্চলের স্টেশন ব্যবস্থাপক শামসুল আলম বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সব কটি ট্রেন শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরে তেমন যানবাহন চলেনি। শহরের অধিকাংশ দোকানপাটও ছিল বন্ধ।

রাজধানীর হরতালচিত্র: বিচ্ছিন্নভাবে ককটেলের বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দিয়ে হরতালে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে হরতাল আহ্বানকারী ১৮ দল। ককটেল বিস্ফোরণ ছাড়া রাজধানীতে একেবারেই গা ছাড়াভাবে পালিত হয়েছে হরতালের দ্বিতীয় দিন। বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে ছিলেন না বললেই চলে।

হরতালে নাশকতার অভিযোগে গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মহাখালী, গাবতলীসহ রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা বাস টার্মিনালে থেমেছে। বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। তবে পাড়া-মহল্লার দোকানপাট খোলা ছিল। কাঁচাবাজারে সরবরাহ কম। দামও ছিল বাড়তি।

ভোর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই কার্যালয়ে গত শনিবার ভোর থেকেই অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় নেই। মাঝেমধ্যে শুধু সংবাদকর্মীরা আসছেন-যাচ্ছেন। তবে দুই কিলোমিটার দূরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। গানবাজনা বাজিয়ে আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা ফরম কিনতে এসেছিলেন।

বিস্ফোরণ: ভোর সাড়ে ছয়টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে বাংলা স্কুলের ঢালে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটিতে বাধা দেয় পুলিশ। মিছিল থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছত্রভঙ্গ করতে ছয়টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

সকাল সাতটা ৫০ মিনিটের দিকে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় আল-হেলাল হাসপাতালের সামনে শিবিরের কর্মীরা মিছিল বের করেন। সেখানে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সকাল আটটার দিকে মিরপুর ১ নম্বর সেকশনে বশির উদ্দিন উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় শিবির মিছিল বের করে। সেখানে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। মিরপুর ১ নম্বর ঈদগাহ চৌরাস্তা মোড়ের বিপরীতে বেলা পৌনে একটার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

সকাল সাতটার দিকে তেজগাঁও উড়ালসড়কের কাছে ফকিরনি বাজার এলাকায় যুবদল মিছিল করার চেষ্টা করে। তেজগাঁওয়ের তিব্বত মোড়ে ভোর সাড়ে ছয়টার দিকে শ্রমিক দল মিছিল বের করে।

সকাল ১০টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির একটি মিছিল বের করে। মিছিলটি শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে। পরে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।