রাজন-সাঈদের মতো নাঈম হত্যার বিচার চেয়ে মানববন্ধন

সিলেটের শিশু রাজন-সাঈদ হত্যা মামলার মতো দক্ষিণ সুরমার লিটল স্টার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাঈম (১১) হত্যার বিচারও দ্রুত করার দাবি জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন ও সমাবেশ করে এমন দাবি জানান। নাঈম হত্যার বিচারের প্রক্রিয়া পাঁচ বছরে গড়ানোয় তাঁরা হতাশা ব্যক্ত করেন। সকাল ১০টায় দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের সামনে মানববন্ধন হয়।
লিটল স্টার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মকবুল আলী, সদস্য আজাদ মিয়া, শিক্ষার্থীদের অভিভাবক আবদুস সালাম, জামাল আহমদ, আইরিন বেগম ও শারমিন বেগম বক্তব্য দেন।
দক্ষিণ সুরমার পুরান তেতলির বাসিন্দা আবদুল হকের ছেলে নাঈম লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। ২০১১ সালের ১৪ আগস্ট রাতে বাড়ি থেকে অপহরণ করে হত্যা করা হয় তাকে। পরদিন মরদেহ বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
ট্রাইব্যুনালের কৌঁসুলি মো. আবদুল মালেক বলেন, নাঈম হত্যা মামলাটির তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি আছে। মামলার জন্য গুরুত্বপূর্ণ এই তিন সাক্ষী হচ্ছেন চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্তকারী কর্মকর্তা। এই তিনজনের সাক্ষ্য গ্রহণ হলেই রায় ঘোষণার দিনক্ষণ ধার্য করবেন আদালত।