রাজন হত্যার ঘটনায় মামলা হয়নি পাঁচ দিনেও
অবরোধকারীদের হামলায় স্কুলছাত্র রাজন আলী নিহত হওয়ার পাঁচ দিন পার হলেও এখনো মামলা হয়নি। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার শিবগঞ্জের কয়েকটি গ্রামে যৌথ বাহিনীর অভিযানের দিন শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের ছেলে নবম শ্রেণির ছাত্র রাজন আলীকে পিটিয়ে গুরুতর আহত করে অবরোধকারীরা। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রাজন। রুহুল আমীন অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগ করেন বলেই তাঁর ছেলেকে হত্যা করেছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা।
মঙ্গলবার শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলায় রুহুল আমীনের বাড়িতে গিয়ে দেখা যায়, রাজন আলীর মা নাজমা বেগম ছেলের ছবি নিয়ে কেঁদেই চলেছেন। মামলা না করা প্রসঙ্গে রুহুল আমীন বলেন, ‘জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা নানাভাবে প্রচার চালাচ্ছে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হলে এবার বংশ নির্মূল করা হবে। তবে আমি এতে ভীত নই। শিগগিরই মামলা করা হবে।’
অভিযোগ অস্বীকার করে জামায়াতের শিবগঞ্জ উপজেলা শাখার নায়েবে আিমর মনিরুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর মারধরের কারণে রাজন মারা গেছে।
গত রোববার বিকেলে শেখটোলা ঈদগাহ মাঠে গ্রামের মানুষদের নিয়ে এক সভায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। গ্রামের লাল মোহাম্মদকে প্রধান করে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তাঁরা আন্দোলন করার পাশাপাশি গ্রাম থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছে, তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে।
শেখটোলার কয়েকজন বাসিন্দা জানান, সন্ত্রাসী হামলায় এ নিয়ে মহল্লার তিনজন নিহত হলো। এর আগে সন্ত্রাসীরা মহল্লার শিবগঞ্জ বণিক সমিতির সহসভাপতি ও আওয়ামী লীগের সমর্থক আনারুল ইসলামের ওপর হামলা চালিয়ে আহত করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কোনো মামলা হয়নি। এরপর গত অক্টোবরে ককটেল হামলা চালিয়ে আওয়ামী লীগ কর্মী আতাউর রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের কেউ থানায় মামলা করেননি। পরে পুলিশ বাদী হয়ে মামলা করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম বলেন, রাজন আলীর পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।