রাজন হত্যার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু
সিলেটের সবজিবিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার শুনানি শুরু হয়। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে শুনানি হওয়ার কথা রয়েছে।
আলোচিত চারটি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টের এই বেঞ্চে বিচারাধীন। এর মধ্যে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ৯ জানুয়ারি শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রয়েছে। খুলনায় শিশু রাকিব হাওলাদার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর পরদিন একই বেঞ্চে শুনানি শুরু হয়, যা শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান দম্পতি হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামির আপিল শুনানির জন্য এই বেঞ্চের তালিকায় রয়েছে।
ক্রমিকে আগে থাকা রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও চার আসামির করা আপিলের ওপর গতকাল রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু হলো।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা। এক আসামির পক্ষে ছিলেন আইনজীবী বেলায়েত হোসেন।
পরে আতিকুল হক সেলিম প্রথম আলোকে বলেন, ৭০৬ পৃষ্ঠার পেপারবুক থেকে প্রথম দিনের শুনানিতে এজাহার, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপন করা হয় বলে জানান তিনি।
চুরির অভিযোগ তুলে ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই সেই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। তদন্ত শেষ করে ওই বছরের ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৭ কার্যদিবস বিচারিক কার্যক্রম শেষে ওই বছরের ৮ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে আসামিদের মধ্যে কামরুল ইসলাম, ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও জাকির হোসেন পাভেল আহমদের ফাঁসির আদেশ হয়। কামরুলের সহযোগী নূর মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং কামরুলের তিন ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদকে (পলাতক) সাত বছর করে কারাদণ্ড হয়। এক বছর করে দণ্ড হয় দুলাল আহমদ ও আয়াজ আলীর।