রাজন হত্যার বিচার দ্রুত বিচার আইনে: আইনমন্ত্রী
শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার বিচার দ্রুত বিচার আইনে করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এ জন্য প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিচার বিভাগ প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিযুক্ত সহকারী জজদের বনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক আরও বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, পুলিশ তিন-চার দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেবে। অপরাধীদের শাস্তি দিতে আমরাও মামলাটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করব। এই জন্য করব, যাতে বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকে। ভবিষ্যতে যাতে কেউ স্বপ্নেও এ ধরনের অপরাধ করার চিন্তা না করে।’
প্রজাতন্ত্রের কর্মচারীদের গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া-সংক্রান্ত আইনের বিষয়ে মন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের আগে বিভাগীয় কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সে জন্যই বলা হয়েছে, তাঁদের গ্রেপ্তারের আগে অনুমতি নিয়ে বিষয়টি সরকারকে জানাতে হবে। অভিযোগপত্র জমা হওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবে গ্রেপ্তার হবে কি হবে না।
সহকারী জজদের উদ্দেশে আনিসুল হক বলেন, বিচারকদের প্রশিক্ষণ আয়ের জন্য নয়, মানুষকে সেবা দেওয়ার জন্য। গণতন্ত্র শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা ও সুবিচার নিশ্চিত করায় বিচার বিভাগকে ভূমিকা রাখতে হবে।
প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
গতকাল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ৩৭ জন জজ অংশ নিয়েছেন। প্রশিক্ষণ চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।