রাজনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২
মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে গতকাল বৃহস্পতিবার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিলুপ্ত ও নতুন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গতকাল পাল্টাপাল্টি সভা করা হয়েছে।বিলুপ্ত কমিটির নেতারা কমিটি বিলুপ্ত ও বহিষ্কারের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন। নতুন আহ্বায়ক কমিটি বিলুপ্ত কমিটির নেতাদের আচরণের নিন্দা জানিয়েছে।মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে, রাজনগর উপজেলা বিএনপির কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. জিতু মিয়াকে আহ্বায়ক, এম এ হাকিম (সুন্দর বক্স), মোনায়েম খান, আবদুল কাইয়ূম বকুল ও জুবের আহমদ চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এদিকে মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকিত স্বাক্ষরিত এক পত্রে গতকাল জানানো হয়েছে, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নির্দেশক্রমে রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইকরাম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে বলা হয়েছে।তবে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইকরাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল উপজেলা বিএনপির নেতা মাসুকুর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভা হয়েছে। সভায় জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আচরণের নিন্দা জানানো হয়। সেই সঙ্গে তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহিত দিয়ে দলকে রক্ষা করতে দলের চেয়ারপারসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে বহিষ্কারাদেশের আদেশ প্রত্যাখ্যান করা হয়েছে।