রাজনগর চা-বাগানে কর্মবিরতি পালন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা-বাগানের শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল শুক্রবার সাপ্তাহিক হাজিরার (কাজের) টাকা ও রেশনের দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
চা-বাগান শ্রমিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ছিল শ্রমিকদের সাপ্তাহিক হাজিরার টাকা বিতরণের নির্ধারিত দিন। কিন্তু বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের হাজিরার টাকা ও রেশন দেয়নি। এ কারণে হাজিরা ও রেশনের দাবিতে গতকাল শুক্রবার বাগানের ১ হাজার ২০০ শ্রমিক সকাল আটটায় কাজে যোগ না দিয়ে বিকেল পর্যন্ত চা-বাগান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
এদিকে শ্রমিকদের কর্মবিরতির খবর পেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাছেদ, টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. টিপু খান ও রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের উপস্থিতিতে হাজিরার টাকা দেওয়ার বিষয়ে আগামী সোমবার বাগান কর্তৃপক্ষ ও চা-শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠক করার সিদ্ধান্ত হয়।
রাজনগর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু নুনিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার শ্রমিকদের তলবির (হাজিরার) টাকা আনতে ব্যাংকে গিয়ে আর বাগানে আসেননি। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তলবির জন্য শ্রমিকেরা তখন অফিসে গিয়ে বিক্ষোভ করেছে। আজকেও (শুক্রবার) আর কেউ কাজে যায়নি।’
রাজনগর চা-বাগানের ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজকে (শুক্রবার) ব্যাপারটা নিরসনের জন্য বসা হয়েছিল। পরে উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে সোমবারে বসে ফয়সলা করা হবে। আজকে (শুক্রবার) রেশন দেওয়া হয়েছে। আর বাগানে ম্যানেজার না থাকায় তলবি (হাজিরার টাকা) দেওয়া হয়নি।’