রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নে মামলার রায় কাল
বিডিআর বিদ্রোহের ঘটনায় রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নের নয় জওয়ানের বিরুদ্ধে মামলার রায় কাল রোববার ঘোষণা করা হবে। বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালতে এ রায় ঘোষণা করবেন বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। একই আদালতে আগামী সোমবার জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে।বিডিআর সূত্রে জানা গেছে, কাল দুপুর দুইটায় আদালতের কার্যক্রম শুরু হবে। আদালতে সভাপতিত্ব করবেন মেজর জেনারেল মইনুল ইসলাম। তাঁকে সহায়তা করবেন অ্যাটর্নি-জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি-জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মুস্তফা আল মামুন। রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় আসামিরা হলেন: হাবিলদার মো. শামসুল হক, মো. সোহরাব হোসেন, মো. শিব্বির আহমেদ, সিপাহি মো. আবদুর রহমান, আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন, মো. রাসেল কবির, মোহাম্মদ জহির উদ্দিন ও মো. সরওয়ার কামাল। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে সারা দেশে বিডিআরের বিভিন্ন সেক্টর সদর ও ব্যাটালিয়নে সংঘটিত বিদ্রোহের ঘটনায় একাধিক মামলা হয়। রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় মামলার কার্যক্রম শুরু হয় গত বছরের ২৪ নভেম্বর।