রাজনগরে অটোরিকশা থামিয়ে আট লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে যাত্রীদের কাছ থেকে আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তিন মোটরসাইকেল আরোহী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজনগর-বালাগঞ্জ সড়কের পারশিপাড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার যাত্রীদের ভাষ্যমতে, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চানভাগ গ্রামের হাজি সফদর আলীর স্ত্রী আফতাব বানু (৬২) গতকাল মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেন। এ ছাড়া বাড়িতে ব্যক্তিগত সংগ্রহে থাকা আরও দুই লাখ ১০ হাজার টাকা সঙ্গে আনেন। জমি কেনার টাকা পরিশোধের জন্য তিনি এই টাকা একত্রিত করেছিলেন। জমি নিবন্ধন না হওয়ায় টাকা পরিশোধ না করে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আফতাব বানু, তাঁর ছেলের বউ পরতিঙ্গা বেগম (৩২) ও এক ছেলে আজিজ মিয়া (২৮) বাড়ি ফিরে যাচ্ছিলেন। রাজনগর উপজেলার ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের পারশিপাড়া ও কর্ণিগ্রামের মাঝামাঝি তাঁদের অটোরিকশার গতি রোধ করে তিনটি মোটরসাইকেল। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিল। মোটরসাইকেল আরোহীরা চাকুসহ দেশি অস্ত্র দেখিয়ে অটোরিকশার যাত্রীদের সঙ্গে থাকা আট লাখ ১০ হাজার টাকা এবং তিনটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।