রাজনগরে আ.লীগে 'বিদ্রোহী'র ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাতটিতেই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই বিদ্রোহীদের মধ্যে বর্তমান ও সাবেক চেয়ারম্যানরাও আছেন।
গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন রাজনগর উপজেলার আট ইউপির সাতটিতেই আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
উপজেলার ফতেহপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে যুবলীগের মৌলভীবাজার জেলা কমিটির সদস্য নকুল চন্দ্র দাশকে। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মতিউর রহমান ওরফে লয়লুছ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
উত্তরভাগ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ রাজনগর উপজেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক আবদুল আজিজ। এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তরভাগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাহিদুজ্জামান ওরফে ছালিক।
মুন্সিবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে যুবলীগের নেতা ছালেক মিয়াকে। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. ছাতির মিয়া। দুজনে সম্পর্কে চাচাতো ভাই।
পাঁচগাঁওয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মিহির কান্তি দাস ওরফে মঞ্জু। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান শামছুন নূর আহমদ ওরফে আজাদ।
টেংরা ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল কাদির মোত্তালিবকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান মো. টিপু খান।
কামারচাক ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান নজমুল হক ওরফে সেলিম আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান ওরফে সোহেল।
মনসুরনগর ইউনিয়নে দল থেকে মনোনয়ন পেয়েছেন রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মিলন বখত। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. সাদিকুর রহমান।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এটা তো কেন্দ্রের সিদ্ধান্ত। যাঁরা দলীয় মার্কার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন, তাঁদের আর শোকজ করা লাগে না; গঠনতান্ত্রিকভাবে এমনিতেই তাঁরা বহিষ্কার। এরপরও দরকার মনে করলে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।