রাজনগরে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুরে দুর্বৃত্তের হামলায় আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আছকির মিয়া উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আছকির মিয়া স্থানীয় গ্রামীণ হাট মুন্সীবাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে দুর্বৃত্তরা দা, চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাঁকে ফেলে যায়।
আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল৷ কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই পথে আছকির মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, আছকির মিয়ার জমিজমা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এখনো আছকির মিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি৷