মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে আকমল আলী (৭৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি) থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আকমল আলীর বাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামে। তিনি গ্রামের মৃত আমীর আলীর ছেলে। আকমল আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে হওয়া মামলার নম্বর ১৬/২০১৫।
পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আকমলের বিরুদ্ধে গতকাল সকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই পরোয়ানার ভিত্তিতে রাজনগর থানা-পুলিশ গতকাল বিকেলে পাঁচগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে আকমলকে গ্রেপ্তার করে।
রাজনগর থানার ওসি মো. শামছুদ্দোহা বলেন, ‘আমাদের কাছে গ্রেপ্তারের ওয়ারেন্ট এসেছিল। আমরা তাঁকে বাড়ি থেকে নিয়ে এসেছি।’ আজ শুক্রবার ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হতে পারে আকমলকে।