রাজনগরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের শুক্রাকান্দি গ্রামে গ্রামবাসীর পিটুনিতে জলিল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে শুক্রাকান্দি গ্রামের রফিক মিয়ার বাড়ি থেকে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাঁকে আটক করে পিটুনি দেয়।জলিলের বাড়ি রাজনগরের মুন্সীবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রাকান্দি গ্রামের ডিম ব্যবসায়ী রফিকের ঘরের বেড়া কেটে রাত দেড়টার দিকে এক মুখোশধারী ডাকাত প্রথমে ঘরে ঢোকে। এরপর রফিক দরজা খুলে দিলে মুখোশ পরা আরও তিন ডাকাত ঘরে ঢোকে। ডাকাতেরা রফিকের গলায় ছুরি ধরে ঘরের লোকজনকে জিম্মি করে ২০ হাজার টাকা ও তাঁর স্ত্রীর গলার রুপার হার ছিনিয়ে নেয়। ডাকাতেরা বেরিয়ে গেলে ঘরের লোকজন চিৎকার করে। গ্রামবাসী তখন রফিকের বাড়ির দিকে এলে ডাকাতেরা দৌড় দেয়। এ সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া দিয়ে জলিল মিয়াকে আটক করে পিটুনি দেয়। এতে জলিলের মৃত্যু হয়।এদিকে গলায় ছুরির চাপে রফিক মিয়া সামান্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনায় রফিক মিয়া থানায় মামলা করেছেন।