রাজনগরে চার খুনের মামলায় একজনের ফাঁসির আদেশ
মৌলভীবাজারের রাজনগরে আলোচিত চার খুনের মামলার রায়ে একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন ও ১৯ জনের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ মাহবুব-উল-আলম এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজনগর উপজেলার চরখাঁরপার-আবদুল্লাহপুর গ্রামের মো. মতলিব মিয়া। তিনি বর্তমানে পলাতক। যাবজ্জীবন দণ্ডাদেশপ্র্রাপ্তরা হলেন একই গ্রামের শোয়েব আহমদ ও আবদুর রহিম। মতলিব মিয়া ছাড়া দণ্ডপ্রাপ্ত বাকি সবাই জেলহাজতে।দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হচ্ছেন কাশিমপুর গ্রামের নূর মিয়া, লাল মিয়া, লিটন মিয়া, রাসেল মিয়া, ফজল মিয়া, সেবুল মিয়া, দুদু মিয়া, লিল মিয়া, আলতা মিয়া, কনর মিয়া, মালেকা বিবি, এলি বেগম, নিজাম মিয়া, সুহেল মিয়া, রাজা মিয়া, হান্নান মিয়া, কদ্দুছ মিয়া এবং চরখাঁরপার-আবদুল্লাহপুর গ্রামের বকুল মিয়া ও আবুল কালাম। অভিযোগ প্রমাণ না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন আদালত।