রাজনগরে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের মোকাম বাজারে গত শনিবার সন্ধ্যায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে মোকাম বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে মঞ্চ বানিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শেষপর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে ক্বারি লিয়াকত আলী (৫৫) ও আবদুর রকিব নামে দুজনকে পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের সময় বাজারের একটি দোকান, একটি ধানকল, সম্মেলনের মঞ্চ ও ইউপি কার্যালয় ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুদ্দিন, বিএনপির সমর্থক জসিম উদ্দিন ও আফজল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘সম্মেলনের একপর্যায়ে ছাত্রদলের সিরাজুল ইসলামের নেতৃত্বে হামলা হয়। আমরা ইউপি কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর করে ছাত্রদলের ক্যাডাররা। পরে আমরা তাদের ধাওয়া করি।’ তিনি জানান, পরে আর কমিটি গঠন করা সম্ভব হয়নি। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা বাজারে গেলে ছাত্রলীগের লোকজন আমাদের মারধর করে।’