রাজনগরে টিপাইমুখে বাঁধ প্রতিহতের দাবিতে পদযাত্রা
টিপাইমুখে বাঁধ নির্মিত হলে সুরমা-কুশিয়ারা-মেঘনা মৃতপ্রায় নদীতে পরিণত হবে। সাগরের লবণাক্ত পানি প্রবেশ করবে বৃহত্তর সিলেটের হাওরাঞ্চলে। টিপাইমুখ বাঁধ প্রতিরোধে ভারতের জনগণ ও গণতান্ত্রিক চেতনার রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবীরা সোচ্চার রয়েছেন। তেমনি এ দেশেও আসন্ন বিপদের শঙ্কায় উদ্বিগ্ন মানুষও লড়ছেন। এই বিপদ থেকে রক্ষা পেতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। গতকাল রোববার বাসদ রাজনগর উপজেলা শাখার উদ্যোগে টিপাইমুখে বাঁধ নির্মাণে ভারতীয় আয়োজন প্রতিহত করা এবং সুরমা-কুশিয়ারা-মেঘনা রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পদযাত্রায় অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় বক্তারা উপরিউক্ত কথা বলেন।টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতীয় উদ্যোগের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার থেকে বেলা ১১টায় পদযাত্রা শুরু হয়। পদযাত্রা চলাকালীন বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মঈনুর রহমান মগনু, সদস্যসচিব মামুনুর রশীদ সোহেল, সিলেট জেলা বাসদের সদস্যসচিব রনেন সরকার রনি, রাজনগর উপজেলার আহ্বায়ক ইকবাল আহমদ, সদস্যসচিব মোজাহিদ আহমদ, চা-শ্রমিক নেতা দীপঙ্কর ঘোষ, মো. আবদুল মতিন, মো. আবুল হাসান, ছাত্রফ্রন্টের নেতা মাসুদ রানা, রাশেদ আহমদ প্রমুখ।