রাজনগরে তিন পাখি শিকারি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগরে তিন পাখি শিকারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। উপজেলার টেংরা ইউনিয়নের হরিপাশা গ্রামে পাখিবাড়ি নামে পরিচিত একটি অভয়াশ্রম থেকে পাখি ধরতে গেলে লোকজন তাঁদের আটক করে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালাইগুল গ্রামের নজরুল মিয়া (২৫) ও লালপুর গ্রামের রুবেল মিয়া (১৮) এবং টেংরা ইউনিয়নের দক্ষিণ টেংরা গ্রামের ছাদিক মিয়া (১৮)। পাখিবাড়ি ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাঁচজনের একটি শিকারি দল রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের হরিপাশা গ্রামে আরক আলীর পাখিবাড়িতে শিকার করতে ঢোকে। এ সময় পাখি ও কুকুরের চিৎকার শুনে বাড়ির লোকজন জেগে ওঠে। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজনও ছুটে আসেন। এ সময় বাড়ির কুকুর দুজনকে আটকে ফেলে এবং লোকজন আরও একজনকে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যায়।